একসঙ্গে ১০৪টি স্যাটেলাইট উৎক্ষেপণ করে রেকর্ড ভারতের

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৭, ১২:২৫
 
একটি মিশনে এক সাথে ১০৪ টি স্যাটেলাইট উৎক্ষেপণ করে রেকর্ড গড়েছে ভারত। আজ বুধবার একটি রকেটের মাধ্যমে মহাশূন্যে ভারতের মহাশূন্য গবেষণা সংস্থা (আইএসআরও) এই রকেটটি উৎক্ষেপণ করে।
 
ভারতের দক্ষিণাঞ্চলের শ্রীহরিকোটা স্পেসপোর্ট থেকে উৎক্ষেপণ করা রকেটটি সম্পর্কে এক বিবৃতিতে বলা হয়, পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিক্যল- পিএসএলভি মহাকাশ থেকে পৃথিবী পর্যবেক্ষণের জন্য ৭১৪ কিলোগ্রাম ওজনের একটি স্যাটেলাইট এবং ১০৩ টি ক্ষুদ্রাকৃতির ন্যানো স্যাটেলাইট বহন করে নিয়ে যাবে। ন্যানো স্যাটেলাইটগুলোর সামষ্টিক ওজন হবে ৬৬৪ কিলোগ্রাম।
 
আইএসআরও আরো জানায়, প্রায় সবগুলো ন্যানো স্যাটেলাইট ইসরাইল, কাজাখিস্তান, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্র থেকে আনা হয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র থেকেই আনা হয়েছে ৯৬ টি স্যাটেলাইট।
 
এই প্রজেক্টের ডাইরেক্টর বি জয়কুমার বলেন, আমাদের প্রত্যেকের জন্য চমৎকার এক মুহূর্ত এটি। আজ আমরা ইতিহাস সৃষ্টি করেছি।
 
উল্লেখ্য, এর আগে ২০১৪ সালে রাশিয়া একটি রকেটে ৩৯ টি স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছিল। বিবিসি।
 
ইত্তেফাক/রাফাত