বিশেষ প্রতিনিধি
কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বলেছেন, জঙ্গিবাদ দমনে আমরা অনেকটাই সফল, যা বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। আইনশৃঙ্খলাবাহিনী, গোয়েন্দা সংস্থা এবং সবার অংশগ্রহণে আমরা একের পর এক অভিযান চালিয়ে উগ্রবাদী কর্মকাণ্ড রুখে দিতে পেরেছি। বাংলাদেশ এখন জঙ্গিবাদ দমনে রোলমডেল। জঙ্গিবাদ দমনে সরকারের জিরো টলারেন্স নীতি অবলম্বন করছে। নিউজিল্যান্ডের ঘটনার পর আইনশৃঙ্খলাবাহিনী আরো সতর্ক রয়েছে যাতে কোনো ধরনের সহিংস ঘটনা না ঘটতে পারে। গতকাল শনিবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত সহিংস উগ্রবাদ বিরোধী বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। গ্র্যান্ড ফাইনালে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসাকে পরাজিত করে লালমাটিয়া মহিলা কলেজ চ্যাম্পিয়ন হয়। প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করে সরকারি বাঙলা কলেজ। জাতীয় ভিত্তিক এ প্রতিযোগিতায় সহযোগিতা করে মানুষের জন্য ফাউন্ডেশন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মানুষের জন্য ফাউন্ডেশনের পরিচালক ড. রিজওয়ান-উল-আলম, সম্প্রীতি প্রকল্পের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ইশরাত পারভীন ইমা, আনিসুর রহমান খোন্দকার, ন্যাশনাল ডিবেট ফেডারেশনের চেয়ারম্যান ড. তাজুল ইসলাম চৌধুরী তুহিন বক্তব্য রাখেন।
