মার্কিন সিক্রেট সার্ভিস প্রধান জোসেফ ক্লান্সি মার্চ মাসের প্রথম দিকে অবসরে যাচ্ছেন। মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে থাকা সংস্থাটি মঙ্গলবার এ কথা জানায়।
এর আগেও একবার ক্লান্সি অবসরে গিয়েছিলেন। কিন্তু হোয়াইট হাউজের নিরাপত্তা ঘাটতির জন্যে সিক্রেট সার্ভিস সমালোচনার মুখে পড়লে ক্লান্সি অবসর থেকে ফিরে এসে দু’বছর আগে সংস্থাটির হাল ধরেন।
ক্লান্সি আগামী ৪ মার্চ আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করবেন। এরপর যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার উত্তরসূরি নিয়োগ দেবেন।
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের নিরাপত্তা নিশ্চিত করা সিক্রেট সার্ভিসের দায়িত্ব। বিদেশি রাষ্ট্র ও সরকার প্রধানের রাষ্ট্রীয় সফরের নিরাপত্তা নিশ্চিত করাও তাদের দায়িত্ব। এ সংস্থার জনবল প্রায় সাড়ে ৬ হাজার।
উল্লেখ্য, প্রায় তিন দশক ধরে ক্লান্সি এ সংস্থায় কাজ করছেন।
ইত্তেফাক/রাফাত
