বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের ব্যবস্থাপনায় শুরু রোল বল বিশ্বকাপ এর চতুর্থ আসর। শুক্রবার শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে শুরু হবে এই বিশ্বকাপ। সকালে প্রধান অতিথি হিসেবে সপ্তাহব্যাপী প্রতিযোগিতার উদ্বোধন করবেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
পল্টন ময়দান সংলগ্ন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ভিআইপি গেটের উল্টো পাশে নব নিমির্তি শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে ২৩ ফেব্রুয়ারি সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ঢাকায় প্রথমবারের মত আয়োজিত এই বিশ্বকাপ আসরে বাংলাদেশসহ মোট ৪০টি দেশ অংশ নিচ্ছে যা এ যাবতকালের সর্ববৃহৎ আসর। পুরুষ ও মহিলা দল মিলিয়ে সর্বমোট ৪০টি দেশের প্রায় ৬০০ খেলোয়াড় এই বিশ্বকাপে অংশ নিচ্ছে। এর মধ্যে মহিলা দল রয়েছে ২৭টি ও পুরুষ দল ৩৯টি। স্লোভানিয়া শুধুমাত্র মহিলা বিভাগে অংশ নিচ্ছে। বাকি সবগুলো দেশেরই পুরুষ ও মহিলা দল রয়েছে। ৪০টি দেশের মধ্যে এশিয়ার ১৭টি, আফ্রিকার ১১টি, ইউরোপের ৮টি, দক্ষিণ আমেরিকার ৩টি ও অস্ট্রেলিয়ার একটি দেশ অংশ নিচ্ছে।
এর আগে ২০১১ সালে ভারতে অনুষ্ঠিত প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছিল ডেনমার্ক। এরপর কেনিয়ায় দ্বিতীয় ও ভারতে অনুষ্ঠিত তৃতীয় আসরে ভারত চ্যাম্পিয়ন হয়। বাংলাদেশ পুরুষ বিভাগে এই নিয়ে তৃতীয়বারের মত বিশ্বকাপে অংশ নিচ্ছে। আর মহিলা দলের এটি দ্বিতীয়বারের মত অংশগ্রহণ। ২০১৫ সালে সর্বশেষ ভারতের পুনেতে অনুষ্ঠিত ৩য় বিশ্বকাপে বাংলাদেশ ৩৪টি দেশের মধ্যে সপ্তম স্থান লাভ করে যা এ পর্যন্ত সেরা সাফল্য।
বুধবার সকালে শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে একটি সংবাদ সম্মেলনে বিশ্বকাপ সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।
পুরুষ বিভাগে ৪০টি দল ৮টি পুলে বিভক্ত হয়ে অংশ নিচ্ছে। পুল-ডি’তে বাংলাদেশের প্রতিপক্ষ মায়ানমার, ভূটান, ফিজি ও হংকং। মহিলা বিভাগে ২৭টি দল ৮টি পুলে বিভক্ত হয়ে খেলবে। এখানে পুল-ডি’তে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল ও ফিলিপিন্স। শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্স ছাড়াও এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়াম ও মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।
এর আগে বাংলাদেশে দুটি আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করেছিল রোলার স্কেটিং ফেডারেশন। ২০১৩ সালে ত্রিদেশীয় টুর্নামেন্টে বাংলাদেশ ছাড়াও অংশ নেয় ভারত ও নেপাল। এছাড়া ২০১৪ সালের আগস্টে এশিয়ান রোল বল চ্যাম্পিয়নশিপের সফল আয়োজক ছিল বাংলাদেশ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সচিব আখতার উদ্দীন আহমেদ, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব (যুগ্ম সচিব) অশোক কুমার বিশ্বাস, প্রধানমন্ত্রীল মুখ্য সমন্বয়ক (এসডিজি) ও বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের সভাপাতি মো. আবুল কালাম আজাদ, আন্তর্জাতিক রোল বল ফেডারেডশনের টেকনিক্যাল ডিরেক্টর রবীন্দ্র কপিল, ফেডারেশনর সাধারণ সম্পাদক আহমেদ আসিফুল হাসানসহ অন্যান্য কর্মকর্তারা।
ই্ত্তেফাক/মাহাদী
