দেশীয় শিল্পের পরিচিতি বাড়ানো, উদ্যোক্তা ও ভোক্তার মধ্যে পারস্পরিক যোগাযোগ বাড়ানো এবং শিল্পখাতে দেশি-বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে প্রথমবারের মতো জাতীয়ভাবে শুরু হচ্ছে শিল্প মেলা। রাজধানীর শেরে বাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আজ রবিবার এই মেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিল্প মন্ত্রণালয় আয়োজিত এ মেলা চলবে ৬ এপ্রিল পর্যন্ত। গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। রাজধানীর মতিঝিলে মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সংবাদ সম্মেলনে শিল্প সচিব মো. আব্দুল হালিমসহ অন্যরা উপস্থিত ছিলেন। শিল্পমন্ত্রী বলেন, এ মেলার মাধ্যমে দেশি-বিদেশি উদ্যোক্তারা জানবে- এখানে কী কী উত্পাদন হয় কিংবা আমরা কী কী উদ্যোগ নিচ্ছি। লিখিত বক্তব্যে তিনি বলেন, দেশীয় শিল্প উদ্যোক্তাদের উত্পাদিত পণ্য এবং সেবা, স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রচার, প্রসার, বিক্রয় ও বাজার সম্প্রসারণ ছাড়াও ছোট-বড় শিল্পোদ্যোক্তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, যোগাযোগ ও সেতুবন্ধন তৈরি করা মেলার অন্যতম উদ্দেশ্য। এছাড়া উদ্যোক্তা ও ভোক্তার মধ্যে পারস্পরিক সংযোগ স্থাপন, সৃজনশীল মতামত ও পরামর্শ গ্রহণ করা এবং শিল্পখাতে দেশি-বিদেশি বিনিয়োগ উত্সাহিত করাও মেলার উদ্দেশ্য। এর ফলে ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি ও কর্মসংস্থান সৃষ্টি হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
মেলায় ৩শ’ উদ্যোক্তা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে, যার বেশিরভাগই নারী উদ্যোক্তাদের। এসব স্টলে দেশে উত্পাদিত পাটজাত পণ্য, খাদ্য ও কৃষি প্রক্রিয়াজাত পণ্য, চামড়াজাত সামগ্রী, ইলেকট্রিক ও ইলেক্ট্রনিক্স সামগ্রী, হালকা প্রকৌশল পণ্য, তথ্য-প্রযুক্তি পণ্য, প্লাস্টিক ও সিনথেটিক পণ্য, হস্তশিল্প, ডিজাইন ও ফ্যাশনওয়্যারসহ অন্যান্য বৃহত্, মাঝারি, ক্ষুদ্র, মাইক্রো, কুটির, হস্ত ও কারু এবং হাইটেক শিল্পের পণ্য প্রদর্শিত হবে।
