গোয়ালন্দে অবৈধ ড্রেজিংয়ের বিরুদ্ধে গ্রামবাসীর বিক্ষোভ

আপডেট : ২৩ নভেম্বর ২০১৮, ২১:৩৩

গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার ক্যানেলে অবৈধ ড্রেজিংয়ের বিরুদ্ধে শুক্রবার বিক্ষোভ করেছেন এলাকাবাসী। দীর্ঘদিন ধরে ওই এলাকায় ৮-১০টি ড্রেজার দিয়ে অবাধে বালু উত্তোলন করায় হুমকির মুখে পড়েছে ক্যানেলের দুই পাড়ের দুটি গ্রাম।

গ্রামবাসী জানায়, মূল পদ্মা নদীর শাখা হিসেবে এই ক্যানেলটি এপারে নুরু মন্ডলের পাড়া এবং ওপারের ইদ্রিস শেখের পাড়ার মাঝখান দিয়ে বয়ে গেছে। প্রায় ১ বছরের অধিক সময় ধরে বেলায়েত হোসেন, বাবু খান, আক্কাস শেখ, সাত্তার মিয়া, লোকমান, খোকন, আফজাল, আক্কাস সরদারসহ প্রভাবশালী একটি বালু ব্যবসায়ী চক্র ক্যানেল থেকে বালু তুলে বাইরে দেদারসে বিক্রি করছে। আমরা বিভিন্ন সময়ে তাদেরকে নিষেধ করলেও তাতে কর্ণপাত করেনি। এ অবস্থায় গত কয়েকদিন ধরে ক্যানেলের পাড় দিয়ে বয়ে যাওয়া রাস্তার বিভিন্ন অংশ ধসে যেতে শুরু করেছে। আগামীতে হয়তো গ্রাম দুটিও ধসে যাবে। নুরু মন্ডল পাড়ার মাতুব্বার হাবিব মন্ডল, গ্রামের বাসিন্দা তোরাপ সরদার, সুলতান শেখসহ অনেকেই জানান, আমাদের বাড়িঘর রক্ষার তাগিদে বাধ্য হয়ে বিক্ষোভ করছি। শুক্রবার সকালে দুই গ্রামের প্রায় ২ শতাধিক মানুষ জড়ো হয়ে বিক্ষোভ শেষে ড্রেজারগুলোর পাইপ খুলে ফেলে। দীর্ঘদিন ধরে বালু তোলার কারণে ক্যানেলের প্রায় ১ কি.মি. এলাকা জুড়ে ৭০-৮০ ফুট করে গভীরতার সৃষ্টি হয়েছে।

ইউপি সদস্য আ. গণি মন্ডল বলেন,  ড্রেজিংয়ের কারণে দুটি গ্রাম ও রাস্তা হুমকির মুখে পড়েছে। এ বিষয়ে দ্রুত প্রশাসনিকভাবে ব্যবস্থা নেয়া দরকার।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার রুবায়েত হায়াত শিপলু জানান, অবৈধ ড্রেজিংয়ের বিরুদ্ধে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করে আসছি। ক্যানাল ঘাটের ড্রেজারগুলোও দ্রুত অভিযান চালিয়ে অপসারণ করা হবে।