বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে গাজা সীমান্ত। হাজার হাজার ফিলিস্তিনির বিক্ষোভে ইসরাইলি বাহিনীর গুলিতে এক তরুণ নিহত হয়েছে। ‘গ্রেট মার্চ অব রিটার্ন’ এর অংশ হিসেবে বিক্ষোভ চলছে সীমান্তে। খবর রয়টার্সের
ফিলিস্তিনে ইসরাইলি দখলদারিত্বের অবসান এবং পূর্ব পুরুষদের ঘর-বাড়ি ফিরে পাওয়ার দাবিতে গত বছরের ৩০ মার্চ থেকে ‘গ্রেট মার্চ অব রিটার্ন’ নামের বিক্ষোভ চালিয়ে আসছেন ফিলিস্তিনিরা। গতকালও সেই কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভের আয়োজন করা হয়। বিক্ষোভে কয়েক হাজার বিক্ষোভকারী অংশ নেন। ইসরাইলি বাহিনী জানায়, প্রায় ২০ হাজার বিক্ষোভকারী তাদের লক্ষ্য করে পাথর, গ্রেনেড এবং টায়ার জ্বালিয়ে নিক্ষেপ করে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গতকালের বিক্ষোভে অংশ নিয়েছিলেন মোহাম্মদ সাদ (২১)। ইসরাইলি সীমান্তের কাছে পৌঁছানোর পর তাদের দিকে ছোররা গুলি ছোড়ে দেশটির সেনা সদস্যরা। এতে মাথায় গুলি লাগে সাদের। এ সময় ইসরায়েলি সীমান্ত থেকে ১০০ মিটারেরও বেশি দূরে ছিল সে। তবে ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা নিহতের বিষয়টি অবগত নয়। সাদের মরদেহ নিয়ে শোক পালন করে স্বজনরা। গত সোমবার গাজা থেকে ইসরাইলকে লক্ষ্য করে ক্ষেপনাস্ত্র ছোড়া হয় বলে তেল আবিব অভিযোগ করে। এরপরই ইসরাইলের বিমান বাহিনী গাজায় ব্যাপক বিমান হামলা চালায় যাতে অনেক বাড়ি-ঘর ধ্বংস হয়ে যায়। মঙ্গলবার থেকে সীমান্তে ব্যাপক বিক্ষোভ শুরু করেন ফিলিস্তিনিরা। গত বছর থেকে চলা বিক্ষোভে দুই শতাধিক ফিলিস্তিনি এবং একজন ইসরাইলি সেনা নিহত হয়েছে।
