কুষ্টিয়া-মেহেরপুর সড়কের নওদাপাড়া ব্রিজ নামক স্থানে বালি বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে পলাশ সাহা (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি মিরপুর পৌরসভার ৬নং ওয়ার্ড বাজার মহল্লার পরেশ সাহার ছেলে। নিহত পলাশ মিরপুর বাজার জিয়া সড়কে মুদি ব্যবসা করতেন। এছাড়াও তিনি হাটে হাটে তেল ও মসলা জাতীয় দ্রব্যাদি বিক্রি করতেন।
জানা গেছে, আজ বুধবার বিকাল ৫টার দিকে বাড়ি থেকে মোটরসাইকেলে তার বন্ধু সুজিতকে (২৪) নিয়ে নিমতলা বাজারে যাচ্ছিলেন। উল্লেখিত স্থানে পৌঁছলে মেহেরপুরগামী বালি বোঝাই ট্রাককে ওভারটেক করতে গিয়ে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এ ঘটনায় সুজিতও আহত হন। তবে তার অবস্থা আশঙ্কামুক্ত। পরে জনতার সহায়তায় পুলিশ ট্রাকটিকে আটক করে।
এ বিষয়ে মিরপুর থানার ওসি তদন্ত আক্তারুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা শিকার করে বলেন, ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে থানায় অভিযোগ না করায় লাশের পোস্টমর্টেম বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি।
ইত্তেফাক/মাহমুদুল ইসলাম
