ঢাকার দোহারে ব্যাটারি চালিত ইজিবাইকের চাকায় গলার ওড়না পেঁচিয়ে নাসিমা আক্তার (২৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার বিকালে উপজেলা সদর জয়পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নাসিমা আক্তার উপজেলার শিলাকোঠা গ্রামের মোশারফ হোসেনের স্ত্রী এবং একই গ্রামের বীর মুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদের মেয়ে বলে জানা যায়।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, বুধবার দুপুরে মুক্তিযোদ্ধা বাবার কাগজপত্র নিয়ে উপজেলা পরিষদে আসেন নাসিমা আক্তার। বিকালে ব্যাটারি চালিত ইজিবাইক যোগে বাড়ি ফেরার পথে গাড়ির চাকায় ওড়না পেঁচিয়ে যায়। পরে সে গাড়ি থেকে নিচে পড়ে মারাত্মকভাবে আহত হয়। পথচারীরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে যান।
এ বিষয়ে দোহার থানার উপ-পরিদর্শক মো. জামিল জানান, অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ইত্তেফাক/মাহমুদুল ইসলাম
