আমরা একা নই পাশে থাকার জন্য ধন্যবাদ

আপডেট : ৩০ মার্চ ২০১৯, ২২:৫২

ক্রাইস্টচার্চের দুইটি মসজিদে সন্ত্রাসী হামলায় ৫০ জন নিহতের পর পরিস্থিতি যেভাবে সামলেছেন তাতে বিশ্ববাসীর মন জয় করে নিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন। এবার সাঈদ এনাম নামে এক বাংলাদেশির চিঠির জবাব দিয়েছেন তিনি।

সাঈদ এনাম মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মনোরোগ বিশেষজ্ঞ চিকিত্সক। ক্রাইস্টচার্চের মসজিদে সন্ত্রাসী হামলার পর প্রধানমন্ত্রী আরডার্নের ভূমিকা, পদক্ষেপ এবং তার কিছু বক্তব্যের প্রতি সমর্থন জানিয়ে গত ২৩ মার্চ একটি চিঠি ই-মেইল করেন। এই ই-মেইল পাঠানোর পাঁচদিন পর ওই চিঠির জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী আরডার্ন। প্রধানমন্ত্রীর পক্ষে তার কার্যালয়ের একান্ত সচিব ডায়না অকেবা এ চিঠির জবাব দিয়েছেন। এ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সাঈদ এনাম।

তার চিঠির জবাবে জাসিন্ডা আরডার্ন লিখেছেন, ডা. সাঈদ এনাম, আমাকে ই-মেইল পাঠানোর জন্য ধন্যবাদ। ঠিক এই সময়টাতে হাজারো মানুষের সমর্থন, সাহস এবং আপনাদের পাশে পেয়ে আমি অনুপ্রাণিত। সমগ্র নিউজিল্যান্ডবাসীর মতো আমিও আমার হূদয়ের সব ভালোবাসা দিয়ে ক্ষতিগ্রস্ত মুসলমানদের পাশে রয়েছি। চিঠিতে আরো লিখেছেন, মসজিদে হামলার পর এটি এখন নিউজিল্যান্ডের জন্য বিষাদময় সময়। এমন পরিস্থিতির মুখোমুখি আমরা কখনো হইনি। ঠিক এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে সবার সহযোগিতা, সহমর্মিতা ও ভালোবাসা পেয়ে আমার মনে হচ্ছে আমরা সবাই এক, তবে একা নই। আপনাকে আবারো ধন্যবাদ পাশে থাকার জন্য।

এ বিষয়ে ডা. সাঈদ এনাম একটি অনলাইন পোর্টালকে বলেন, এতো তাড়াতাড়ি মেইলের জবাব আসবে তা ভাবিনি। সত্যিকার অর্থে প্রধানমন্ত্রী আরডার্ন সব ধর্ম-গোত্রের ঊর্ধ্বে, বিশাল মনের মানুষ।