জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাবা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দাদা শেখ লুত্ফর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার নিজ বাড়িতে কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সকাল থেকেই শেখ লুত্ফর রহমানের কবরের পাশে ও বাড়িতে কোরআনখানির আয়োজন করা হয়। বাদ জোহর বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্স মসজিদে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদে শেখ লুত্ফর রহমান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।
বঙ্গবন্ধু সমাধিসৌধ মসজিদের খতিব আলহাজ মাও. নওয়াব আলী দোয়া মোনাজাত পরিচালনা করেন। এতে টুঙ্গিপাড়ার ধর্মপ্রাণ মুসলমানরা অংশ নেন।
অন্যদিকে বঙ্গবন্ধুর ৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী শিক্ষক ফোরামের নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন।
গতকাল শনিবার দুপুরে সংগঠনের সাধারণ সম্পাদক মেহেরীন মুনজারীন রত্না, কোষাধ্যক্ষ মারুফ মিয়ার নেতৃত্বে নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তারা পবিত্র ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনা করেন।
