গাজীপুরের কালীগঞ্জে চার সহস্রাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার সকাল থেকে দিনব্যাপী কালীগঞ্জ পৌর এলাকার তুমলিয়া, আড়িখোলা ও দুর্বাটি গ্রামে অভিযান চালিয়ে এ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
জানা গেছে, বৃহস্পতিবার সকাল থেকে দিনব্যাপী কালীগঞ্জ পৌর এলাকার তুমলিয়া, আড়িখোলা ও দুর্বাটি গ্রামে অভিযান চালায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এতে ওই তিন গ্রামের ১০ কিলোমিটার এলাকার প্রায় চার সহস্রাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে। এ সময় প্রায় সাড়ে ৪ হাজার রাইজার জব্দসহ লক্ষাধিক ফুট পাইপ বিনষ্ট করা হয়।
এ সময় কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মু. মুশফিকুর রহমানের ভ্রাম্যমান আদালত অবৈধ গ্যাস ব্যবহারকারীদের ২১ হাজার টাকা জরিমানা করে।
তিতাস গ্যাস টঙ্গী জোনাল মার্কেটিং অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী অজিত চন্দ্র দেবের নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন টঙ্গী জোনের উপ-ব্যবস্থাপক প্রকৌশলী রফিকুল ইসলাম, মো. আব্দুর রাজ্জাক, মেজবাউর রহমান, সহকারী প্রকৌশলী রেদোয়ানুজ্জামান, শাহ মো. এমদাদ, মো. নুজরুল ইসলাম প্রমুখ।
ব্যবস্থাপক প্রকৌশলী অজিত চন্দ্র দেব জানান, তিতাস গ্যাস কর্তৃপক্ষের এটি একটি চলমান প্রক্রিয়া। অবৈধ গ্যাস সংযোগ থাকা পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।
ইত্তেফাক/উজ্জল
