বেসরকারী মুঠোফোন কোম্পানী রবি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) যৌথ উদ্যোগে দেশব্যাপী চলমান মেধাবী স্পিনার সংগ্রহ কার্যক্রমের আওতায় চট্টগ্রাম জেলা থেকে ২১ জন ছেলে ও একজন মেয়েকে বাছাই করা হয়েছে।
বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম অনুষ্ঠিত জেলাভিত্তিক বাছাইপর্বে অংশ নেয়া ৪১৬ জন ছেলে ও ৫ জন মেয়ের মধ্যে থেকে ২১ জন ছেলে ও ১ জন মেয়ে স্পিনারকে বাছাই করা হয়েছে।
চট্টগ্রামে বিসিবি’র হাই পারফরম্যান্স কোচ নুরুল আবেদীন নোবেল’র নেতৃত্বে স্থানীয় বিভিন্ন ক্রিকেট একাডেমীর ৮ জন কোচ এতে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন। দেশের ১৬ থেকে ২৩ বছর বয়সের যে কোনো ছেলে-মেয়ে এ কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন। জেলাভিত্তিক কার্যক্রম চলবে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
প্রতিটি জেলা থেকে সর্বোচ্চ ২৫ জন করে স্পিনার নির্বাচন করা হবে। প্রথম পর্ব থেকে বাছাইকৃত স্পিনাররা ৩ থেকে ১৭ মার্চ অনুষ্ঠিতব্য দ্বিতীয় পর্বে ১০টি ভেন্যুতে অংশগ্রহণ করবে। এ পর্যায়ে বিসিবি’র সেন্ট্রাল টেকনিক্যাল টিম সর্বমোট ৬০ জন স্পিনার বছাই করবে তৃতীয় পর্বের জন্য।
আগামী ২০ থেকে ২৭ মার্চ অনুষ্ঠিতব্য তৃতীয় পর্বটি জাতীয় ক্রিকেট একাডেমিতে অনুষ্ঠিত হবে। বিসিবি’র সেন্ট্রাল টেকনিকাল টিম ট্যালেন্ট বাছাইয়ের এই আবাসিক পর্বটি পরিচালনা করবে। পর্বটি শেষে ১০ জন ছেলে-মেয়েকে বিজয়ী ঘোষণা করা হবে।
ইত্তেফাক/রেজা
