ইবিতে কক্ষ ভাংচুরের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকাল ৩টায় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ এ কথা জানান।
তিনি বলেন, বিশেষ কোটার আহ্বায়ক প্রফেসর ড. শেলীনা নাসরীনের কক্ষ ভাংচুরের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে শাস্তি নিশ্চিত করতে ভিসি প্রফেসর ড. মো. হারুন উর রশিদ আসকারী এ তদন্ত কমিটি গঠন করেছেন।
ব্যবস্থাপনা বিভাগের সভাপতি প্রফেসর ড. মো. মাহবুবুল আরফিনকে আহ্বায়ক করে এ তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অপর দুই সদস্য হলেন- অর্থনীতি বিভাগের প্রফেসর ড. মো. আলমগীর হোসেন ভূঁইয়া ও ফোকলোর বিভাগের সভাপতি প্রফেসর ড. মোহা. সাইদুর রহমান।
কমিটিকে আগামী ৭ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি বেলা ১১টায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিশেষ কোটার আহ্বায়কের কক্ষ ভাংচুরের ঘটনা ঘটে।
ইত্তেফাক/রাফাত
