‘জয়িতা তোমরাই বাংলাদেশের বাতিঘর’ স্লোগানে ময়মনসিংহ বিভাগের ১০ জয়িতাকে সংবর্ধনা দিয়েছে বিভাগীয় কমিশনার কার্যালয়-ময়মনসিংহ। বুধবার দুপুরে ময়মনসিংহ টাউনহলের অ্যাডভোকেট তারেক স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে খ্যাতিমান ১০ জয়িতাকে আনুষ্ঠানিকভাবে এই সংবর্ধনা দেওয়া হয়। আন্তর্জাতিক নারী প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবসকে উপলক্ষ করে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক কার্যক্রমের অংশ হিসেবে এই আয়োজন করা হয়।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। সংবর্ধিত ১০ জয়িতারা হচ্ছেন- জামালপুরের জয়ন্তী কৈরী, নাছিমা আক্তার, রাশিদা ফারুকী, শেরপুরের নূর-ই ফেরদৌস ও রাশেদা বেগম, ময়মনসিংহের সুচিস্মীতা নাসরীন, সেলিমা বেগম, মল্লিকা আক্তার, মাহমুদা ফেরদৌস ও লাইলী আনজুমানআরা বেগম।
অনুষ্ঠানে সংসদ সদস্য ফাতেমা জহুরা রানী, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আলী আকবর, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক সাহিন আহমেদ চৌধুরী, ডিআইজি-ময়মনসিংহ রেঞ্জ চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ময়মনসিংহ জেলা পরিষদ প্রশাসক অধ্যাপক ইউসুফ খান পাঠান, ময়মনসিংহ পৌরসভার মেয়র ইকরামুল হক টিটু এবং ময়মনসিংহের মহিলা বিষয়ক কর্মকর্তা মছিরুন নেছা বক্তব্য রাখেন।
ইত্তফোক/নূহু
