'বেশি হেডে ক্ষতিগ্রস্ত হয় ব্রেইন'

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৭, ১২:২২
ক্রিশ্চিয়ানো রোনালদো বা লিওনেল মেসিদের খেলা দেখে আপনার সন্তানকে ফুটবলার বানানোর কথা ভাবছেন? সাবধান কিন্তু। কারণ, ফুটবল খেলায় হেড দেওয়ার ফলে ব্রেইনের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে!
 
এই দাবি লন্ডন বিশ্ববিদ্যালয় ও কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের একদল বিশেষজ্ঞের। সম্প্রতি তাদের প্রকাশিত এক সমীক্ষায় জানা যায়, ফুটবল খেলার সময় বেশি হেড দিলে আদতে ব্রেইনেরই ক্ষতি হয়।
 
গবেষকদের দাবি, বেশি হেড দেওয়ার ফলে ডেমেনশিয়ার মতো ব্যাধি গ্রাস করতে পারে। যার ফলে ব্যক্তিত্ব বদলে যাওয়া, মাথা ব্যথা, স্মৃতিভ্রমের মতো মারাত্মক সমস্যা তৈরি হতে পারে।
 
সম্প্রতি বর্তমানে যাদের বয়স ৬০ বছরের কাছাকাছি এবং যারা ২৬ বছর ধরে ধরে ফুটবল খেলছেন এমন পাঁচ পেশাদার ও একজন নতুন ফুটবলারকে নিয়ে সমীক্ষা চালান গবেষকরা।
 
পরীক্ষা করে দেখা যায় ওই ফুটবলারদের মধ্যে চারজনের ব্রেইনে একইরকম আঘাতের চিহ্ন রয়েছে, যাকে বলে ক্রনিক ট্রমাটিক এনসেফ্যালোপ্যাথি বা (সিটিই)। এই আঘাতের ফলে ব্যক্তিত্ব বদলে যাওয়া, মাথা ব্যথা, স্মৃতিভ্রমের মতো মারাত্মক সমস্যা তৈরি হয়।
 
লন্ডন বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ হাউ মরিস বলেন, 'বেশি হেড দিয়ে খেলা ফুটবলারদের মস্তিষ্ক পরীক্ষা করার সময় আমরা দেখেছি সেখানে অনেক পরিবর্তন হয়েছে। এমনকি, এই সমস্যা বক্সারদের মধ্যেও দেখা যায়।'
 
তবে তিনি আরও বলেন, যারা সপ্তাহে দু-একদিন ফুটবল খেলে তাদের এই সমস্যা দেখা যাবে না। ফলে তাদের ক্ষেত্রে আশঙ্কার কিছু নেই।
 
ইত্তেফাক/মনসুর