সখীপুরে পাঁচ বছর বয়সী এক মেয়েশিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেছে দুলাল হোসেন নামের এক ব্যক্তি। পুলিশ ওই রাতেই দুলালকে গ্রেফতার করে শনিবার দুপুরে টাঙ্গাইল আদালতে পাঠিয়েছে। শিশুটিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত বুধবার উপজেলার কাকড়াজান ইউনিয়নের ইন্দারজানি গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও শিশুটির পরিবার সূত্রে জানা যায়, গত বুধবার দুপুরে শিশুটি প্রতিবেশি দুলাল হোসেনের বাড়িতে খেলতে যায়। এ সময় ওই বাড়িতে কেউ ছিল না। এমন সুযোগে দুলাল হোসেন শিশুটিকে চকোলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে ঘরের ভেতরে নিয়ে ধর্ষণ করে। এসময় শিশুটির চিত্কারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুলাল পালিয়ে যায়। উন্নত চিকিত্সার জন্য শিশুটিকে শুক্রবার সকালে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
শিশুটির মা শুক্রবার রাতে বাদী হয়ে সখীপুর থানায় মামলা করেছেন। তিনি বলেন, ধর্ষক দুলাল হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমির হোসেন বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। মামলার একমাত্র আসামি দুলাল হোসেনকে গ্রেফতার করে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।
