টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ইয়াবা কারবারি নিহত

আপডেট : ৩০ মার্চ ২০১৯, ২৩:০৩

কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে ফের ‘বন্দুকযুদ্ধে’ এক ইয়াবা কারবারি ও ডাকাত নিহত হয়েছেন। শনিবার ভোররাতে উপজেলার হাবিরছড়া পাহাড়ি এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে দাবি করেছে পুলিশ।

এসময় পুলিশের ৩ সদস্য আহত হন বলে জানিয়েছেন টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ। নিহত যুবক তালিকাভুক্ত ইয়াবা কারবারি ও ডাকাত বলে উল্লেখ করেন ওসি।     

ঘটনাস্থল থেকে ৩টি দেশি বন্দুক, ২ হাজার পিস ইয়াবা ও ১২টি তাজা কার্তুজ উদ্ধারের কথাও জানিয়েছেন তিনি। নিহত মুহাম্মদ হোসেন (২৮) টেকনাফ উপজেলার হাবিরছড়া এলাকার নবী হোসেনের ছেলে। তার বিরুদ্ধে হত্যা, মাদকসহ ৪টি মামলা রয়েছে বলে জানিয়েছেন ওসি।    

তিনি জানান, বন্দুকযুদ্ধের সময় পুলিশ সদস্য এএসআই ফরহাদ, কনস্টেবল ফাহিম ও মাসুদ আহত হন। নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। এ ঘটনায় পৃথক মামলা হচ্ছে।