কক্সবাজারের কলাতলীতে ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:২৩
কক্সবাজার শহরের কলাতলীস্থ উত্তরণ আবাসিক এলাকার পিছনের পাহাড় থেকে ইয়াবা ব্যবসায়ীর গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। 
 
শুক্রবার সকালে এ লাশ উদ্ধার করা হয়। এসময় লাশের পাশ থেকে ১টি বন্দুক, ৩ রাউন্ড গুলি ও ২ হাজার ৮০০ ইয়াবা পাওয়া যায়। নিহতের নাম মোস্তাক আহমদ ওরফে হাজী মুফিজ (৩২)। তিনি কক্সবাজার সদর উপজেলার কলাতলীর বড়ছড়া এলাকার ফজল করিমের ছেলে। মফিজের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ইয়াবা পাচারের ৬টি মামলা রয়েছে।
 
কক্সবাজার সদর থানার পরিদর্শক (তদন্ত) বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, লেনদেন নিয়ে ইয়াবা ব্যবসায়ীদের দু’গ্রুপের মধ্যে গোলাগুলিতে এ ঘটনা ঘটে। নিহত মোস্তাক আহমদ ওরফে হাজী মুফিজ (৩২) কক্সবাজার সদর উপজেলার কলাতলীর বড়ছড়া এলাকার ফজল করিমের ছেলে। ইয়াবা ব্যবসায় জড়িত থাকার অভিযোগে মোস্তাকের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি।
 
বখতিয়ার আরও বলেন, শুক্রবার ভোরের দিকে কক্সবাজার শহরের উত্তরণ আবাসিক এলাকার পিছনের পাহাড়ে গোলাগুলির শব্দ শুনে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তিনি বলেন, “পরে পুলিশ সকালে ঘটনাস্থলে পড়ে থাকা গুলিবিদ্ধ এক যুবকের মৃতদেহ উদ্ধার করে। এসময় ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে, দেশে তৈরি ১টি বন্দুক, ৩ রাউন্ড গুলি ও ২ হাজার ৮০০ ইয়াবা। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
 
ইত্তেফাক/মাহমুদুল ইসলাম