গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বাসচাপায় প্রথম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে। মৃত সিয়াম (৬) উপজেলার উলাহাটি গ্রামের জাহিদ হোসেনের ছেলে। সে কোটালীপাড়া কমলকুঁড়ি বিদ্যানিকেতনের ছাত্র ছিল।
শনিবার দুপুর পৌঁণে ১২টার দিকে উপজেলা পরিষদের সামনের সড়কে এ ঘটনা ঘটে। ঘটনার পর উত্তেজিত জনতা ঘাতক বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পরে তারা গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কে অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, কোটালীপাড়ার পয়সারহাট থেকে গোপালগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস উপজেলা পরিষদের সামনের সড়কে সিয়ামকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে সে মারা যায়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
ইত্তেফাক/সালেহ
