সেনবাগে অস্ত্র ‍ও গুলিসহ মাদ্রাসা ছাত্র গ্রেফতার

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:৩৯
নোয়াখালীর সেনবাগ থানা পুলিশ উপজেলার ৮নং বীজবাগ ইউনিয়নের বীরনারায়ণ গ্রামের চৌধুরী টেক এলাকায় অভিযান চালিয়ে একটি এলজি ও দুই রাউন্ড গুলিসহ আফসার হোসেন (১৯) নামে এক মাদ্রাসা ছাত্রকে শনিবার ভোররাতে গ্রেফতার করেছে। 
 
সেনবাগ থানার এসআই সাইফুল ইসলামের নেতৃত্বে শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে অস্ত্রসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
 
আফসার উপজেলার জয়নগর ওয়াজেদিয়া সিনিয়র মাদ্রাসার আলিম প্রথম বর্ষের ছাত্র। তিনি উপজেলার বীজবাগ ইউনিয়নে বীর নারায়ণপুর গ্রামের মাওলানা নুরুল হকের বাড়ির তোফায়েল আহম্মেদের ছেলে। এ ঘটনায় সেনবাগ থানার এসআই সাইফুল ইসলাম বাদী হয়ে অস্ত্র আইনে থানায় একটি মামলা দায়ের করেন। 
 
অস্ত্রসহ মাদ্রাসা ছাত্র গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশিদ চৌধুরী জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। থানা পুলিশ আফসারকে শনিবার দুপুরে নোয়াখালী বিচারিক আদালতে প্রেরণ করে। 
 
ইত্তেফাক/মাহমুদুল ইসলাম