গাজীপুরে নিজ বাসায় মশার কয়েল জ্বালানোর সময় আগুন লেগে এক পরিবারের ৪ জন দগ্ধ হয়েছেন।
শুক্রবার রাত ২টার দিকে গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর থানার চক্রবর্তী এলাকায় আব্দুল জলিলের বাড়িতে এ ঘটনা ঘটে। অগ্নিদগ্ধরা হলেন- গৃহকর্তা আব্দুল জলিল (৪৫), তার ছেলে ইয়াসিন মাহমুদ (১৩), মেয়ে জিয়াসমিন (২০) ও জামাতা আবুল হাসান (২৩)।
কাশিমপুর থানার এসআই মোঃ মাসুদ রানা জানান, শুক্রবার আব্দুল জলিলের মেয়ে জিয়াসমিন তার স্বামী আবুল হাসানকে নিয়ে বাবা আব্দুল জলিলের বাড়ি বেড়াতে যান। রাতে জিয়াসমিন, তার স্বামী আবুল হাসান ও ছোট ভাই ইয়াসিন মাহমুদ এক ঘরে ঘুমায়। পাশে আরেকটি ঘরে তার বাবা মা ঘুমিয়ে ছিলেন। রাত ২টার দিকে মশার কয়েল জ্বালানোর সময় জিয়াসমিনের পরনের লিলেনের কাপড়ে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে আগুন ঘরে থাকা টিভিতে লাগলে সেটি বিস্ফোরিত হয়। এ সময় ঘরের এক পাশের দেয়াল ধসে পাশে ডোবায় পড়ে যায়। চিত্কার শুনে জিয়াসমিনের বাবা আব্দুল জলিল তাদের উদ্ধার করতে ওই ঘরে গেলে তিনিও দগ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় শেখ ফজিলাতুন্নেসা মেমোরিয়াল (কেপিজে) মেডিক্যাল হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে শনিবার সকালে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।
আব্দুল জলিল জানান, আগুনে তার মেয়ে ও মেয়ে জামাই বেশি দগ্ধ হয়েছে। তার মেয়ের শরীরের ৮৭ ভাগ পুড়ে গেছে বলে চিকিত্সকরা তাকে জানিয়েছেন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক বাচ্চু মিয়াও জানান, অগ্নিদগ্ধদের মধ্যে জিয়াসমিনের অবস্থাই বেশি গুরুতর। দগ্ধ বাকি তিনজনকে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে।
