পুলিশ-শ্রমিক সংঘর্ষের জের ধরে সিলেটে শনিবার সকাল ৬টা থেকে শুরু হওয়া অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে দুপুর ২টার দিকে।
শনিবার দুপুরে সিলেটের পুলিশ কমিশনার কার্যালয়ে অনুষ্ঠিত প্রশাসন ও শ্রমিকদের বৈঠকে এ ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন শ্রমিক নেতারা।
এদিকে, সিলেটে শ্রমিকদের সঙ্গে প্রশাসনের বৈঠক থেকে বেরিয়ে বাসায় ফেরার পথে শ্রমিকদের হামলার শিকার হন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী। শনিবার দুপুর আড়াইটার দিকে নগরীর সোবহানীঘাটে এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নগরীর নাইওরপুলস্থ সিলেট মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ে অনুষ্ঠিত শ্রমিকদের সঙ্গে প্রশাসনের বৈঠক শেষে বের হয়ে সোবহানীঘাট পৌঁছামাত্র শফিকুর রহমানের গাড়িতে হামলা চালায় শ্রমিকরা। হামলায় ক্ষতিগ্রস্থ হয় শফিকুর রহমানকে বহনকারী গাড়িটি।
উল্লেখ্য, তিন শ্রমিককে আটক ও পুলিশের সঙ্গে সংঘর্ষের জেরে শনিবার সকাল ৬ টা থেকে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেয় জেলা মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন।
ইত্তেফাক/কাউছার
