রবার্ট মুগাবের লাশকেও মানুষ ভোট দেবে, মুগা্বের স্ত্রী

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:২৭
সম্প্রতি ৯২ বছরে পা দেয়া জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবের স্ত্রী গ্রেস মুগাবে বলেছেন, রবার্টের লাশও যদি নির্বাচন করে তাহলেও তিনি নির্বাচিত হবেন। ক্ষমতাসীন জানু পিএফ পার্টির নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।
 
১৯৮০ সালে শ্বেতাঙ্গ শাসন অবসানের পর থেকে জিম্বাবুয়ে শাসন করছেন রবার্ট মুগাবে। স্বামীর জোরালো সমর্থক হিসেবে নিজেকে প্রতিনিয়ত প্রতিষ্ঠিত করে চলা ৫১ বছর বয়সী গ্রেস দেশটির রাজধানী হারারের একটি নির্বাচনী সমাবেশে বলেন, একদিন স্রষ্টার সিদ্ধান্তে মুগাবে মারা যাবে, আমরা তখন তার মৃতদেহকে দিয়ে নির্বাচন করব। আপনারা তখন দেখবেন মানুষ মুগাবের মৃতদেহকেই ভোট দিচ্ছে। আমি সত্যি সত্যি এ কথা বলছি এটা বোঝাতে মানুষ তাদের প্রেসিডেন্টকে কত ভালোবাসে।
 
ক্ষমতাসীন জানু পিএফ পার্টি এবারো ৯২ বছর বয়সী মুগাবেকেই প্রেসিডেন্ট পদে মনোনয়ন দিয়েছে। তবে জনসংযোগ থেকে কিছুটা দূরে সরে রয়েছেন তিনি। গত সেপ্টেম্বরে মুগাবের মৃত্যুর গুজব উঠেছিল। প্রকৃতপক্ষে শারীরিক অসুস্থতার জন্য তিনি আফ্রিকান ইউনিয়নের একটি সম্মেলন শেষ না করে দুবাই গিয়েছিলেন চিকিৎসা নিতে।
 
মুগাবে সে গুজব সম্পর্কে কৌতুক করে বলেছিলেন, আমি আসলে মারা গিয়েছিলাম তবে পুনরায় জীবিত হয়ে ফেরত এসেছি। বিবিসি।
 
ইত্তেফাক/সাব্বির