মেক্সিকোর নাইকা ক্রিস্টাল গুহা সুপ্ত প্রাণের আধার

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:০৯
মেক্সিকোর বিখ্যাত নাইকা গুহার অভ্যন্তরে থাকা ক্রিস্টালগুলো দীর্ঘকাল ধরে সুপ্তাবস্থায় থাকা জীবিত অণুজীব ধারণ করে আছে বলে বিস্ময় প্রকাশ করেছেন বিজ্ঞানীরা।
 
তাঁদের মতে, জিপসামের তৈরি এই ক্রিস্টালগুলো আজ হতে প্রায় ১০ হাজার বছর আগে তৈরি, কোন কোনটি সম্ভবত ৫০ হাজার বছর আগেও গঠিত হতে পারে।
 
তবে এই আবিষ্কার বিজ্ঞানীদের নতুন করে ভাবিয়ে তুলছে যে, এমন বিরূপ ও বৈরী পরিবেশে প্রাণের সত্ত্বা টিকে থাকা এবং কঠিন আবরণের ভেতর খাপ খাইয়ে নেয়া একটি বিস্ময়কর ব্যাপার।
 
এ সংক্রান্ত গবেষণায় নিয়োজিত ডক্টর পেনেলোপ বোস্টন জানিয়েছেন, ক্রিস্টালের অভ্যন্তরে থাকা অণুজীবগুলো এখনো জীবিত রয়েছে বলে কেউ কেউ দীর্ঘদিন থেকে দাবি করে আসলেও, এ ধরণের ক্ষেত্রে পাওয়া প্রাণের সত্ত্বাগুলো খুবই বৈচিত্র্যময়। এগুলো সাধারণ জৈব সারণীর কোন পর্যায়েই পড়েনা বলেও জানান তিনি। 
 
ক্যালিফোর্নিয়ার মোফেট ফিল্ডে অবস্থিত নাসা এসট্রোবায়োলজি ইন্সটিটিউটের এই নতুন ডাইরেক্টর আরো জানান, খুবই গুরুত্বপূর্ণ এই আবিষ্কার নিয়ে ‘আমেরিকান এসোসিয়েশন ফর দ্য এডভান্সমেন্ট সায়েন্স (এএএএস) এ ইতোমধ্যে আলোচনা করা হয়েছে।
IMG0
 
প্রায় ১০০ বছর আগে সিলভার ও অন্যান্য ধাতুর খোঁজে গুহাটিতে প্রবেশ করেন খনি শ্রমিকেরা। কিন্তু এর অভ্যন্তরের বন্ধুর পরিবেশে প্রাণের সম্ভাবনা টিকে থাকার খবরের কারণে বর্তমানে এটি বিজ্ঞানীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে।
 
প্রচণ্ড আর্দ্র ও এসিটিক এই গুহার ভেতরের স্বাভাবিক তাপমাত্রা ৪০ থেকে ৬০ ডিগ্রী সেন্টিগ্রেড। সেখানে প্রাকৃতিক কোন আলোর উৎসও নেই। তারপরও কোন প্রকার শক্তির উৎস ছাড়াই এর দেয়ালে বসবাসকারী অণুজীবের অস্তিত্বে বিস্মিত হয়েছেন বিজ্ঞানীরা। এর পরের আবিষ্কারটি চোখ উপরে তুলে দেয়ার মতো, যখন তারা ক্রিস্টালের কঠিন আবরণের ভেতর খুঁজে পেলেন বহুকাল ধরে সুপ্ত অবস্থায় থাকা অদ্ভুতুড়ে কিছু অণুজীব। বিবিসি।
 
ইত্তেফাক/ সেতু