পাকিস্তান সংসদের উচ্চকক্ষ সিনেটে শনিবার সর্বসম্মতিক্রমেই পাশ হলো বহু প্রতীক্ষিত হিন্দু বিবাহ বিল। এখন থেকে এ আইন মেনেই সংখ্যালঘু হিন্দুদের বিয়ে হবে মুসলিম অধ্যুষিত দেশটিতে।
নতুন এ বিল পাশের মাধ্যমে পাকিস্তানে সংখ্যালঘু হিন্দুদের অধিকার এই প্রথম আইনের স্বীকৃতি পেল। বিলটি ২০১৫ সালের ২৬ সেপ্টেম্বরেই পাকিস্তান সংসদের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলিতে পাশ হয়েছিলো। তবে এবার তা পাশ হয়ে গেলো উচ্চকক্ষ সিনেটেও।
বিলটি এ দিন সিনেটে তুলেন পাকিস্তানের আইনমন্ত্রী জাহিদ হামিদ। বিলটি আইন হওয়ার জন্য এখন রাষ্ট্রপতির একটি প্রথামাফিক স্বাক্ষর লাগবে শুধু।
দেশটির প্রধান দৈনিক ‘ডন’ জানাচ্ছে, বিলটিকে নির্দ্বিধায় স্বাগত জানিয়েছে পাকিস্তানে বসবাসরত হিন্দু সম্প্রদায়। এবার থেকে এ আইন মেনেই পাকিস্তানে বসবাসকারী হিন্দুদের বিয়ে, বিয়ের রেজিস্ট্রেশন, বিবাহবিচ্ছেদ ও পুনর্বিবাহ হবে।
নতুন পাশ হওয়া এ বিলে বলা হচ্ছে, আইন অনুযায়ী পাকিস্তানে থাকা হিন্দু পুরুষ ও মহিলারা ১৮ বছর বয়সে পৌঁছেই বিয়ে করতে পারবেন। ফলে এ আইনের সুবিধা পাবেন পঞ্জাব, বেলুচিস্তান ও খাইবার-পাখতুনখোয়া প্রদেশে বসবাস করা হিন্দু সম্প্রদায়ের মানুষজনও। সিন্ধু প্রদেশে ইতিমধ্যেই চালু হয়েছে হিন্দু বিবাহ আইন। ডেকান ক্রনিকল।
ইত্তেফাক/সেতু
