মঙ্গলে শহর তৈরির স্বপ্ন দেখছে আরব আমিরাত

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৭, ২০:২৪
আগামী শতাব্দীতেই মঙ্গল গ্রহে মানুষের বসবাস উপযোগী শহর তৈরির পরিকল্পনা করছে সংযুক্ত আরব আমিরাত।
 
গত বুধবার দুবাইতে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট’ এ এমন স্বপ্নের কথা তুলে ধরেন আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট এবং দুবাইয়ের শাসনকর্তা শেখ মুহাম্মদ বিন রাশিদ আল মাকতুম। এছাড়া তিনি এই পরিকল্পনা সংক্রান্ত কয়েকটি ছবিসহ টুইটও করেন। এসময় আমিরাতের কল্পিত ‘মার্স ২১১৭’ প্রজেক্টকে বাস্তবায়নের জন্য বিশ্বের অন্যান্য জাতিগোষ্ঠীর প্রতি আহ্বানও জানান এই শাসক।
 
শেখ মুহাম্মদ বলেন, ‘আমরা আজ যে বীজ বপন করতে যাচ্ছি, তার ফল ভোগ করবে পৃথিবীর পরবর্তী প্রজন্ম। নতুন জ্ঞানের আগ্রহই মানুষকে ভবিষ্যতের পর্দা উন্মোচন করতে সাহায্য করবে।’
 
সৌরজগতের অপর গ্রহগুলোতে পৌঁছানো মানুষের জন্য দীর্ঘতর অপেক্ষা হলেও আরব আমিরাত এখন থেকেই আন্তর্জাতিকভাবে এই পথে পা রাখতে যাচ্ছেও বলে জানান তিনি।
 
IMG0
 
‘ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট’ এ সংক্রান্ত একটি পরিকল্পনাও প্রদর্শন করা হয়। মঙ্গলের লাল মাটিতে আবাসন গড়ে তুলতে ইতোমধ্যে কাজে লেগে পড়েছেন আমিরাতের ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী ও গবেষকরা। 
 
প্রথমেই তারা মঙ্গলে প্রাণের অস্তিত্ব টিকিয়ে রাখতে সেখানে যাওয়ার যোগাযোগ ব্যবস্থা, শক্তি ও খাবার উৎপাদন নিয়েও নিরীক্ষা শুরু করে দিয়েছেন।
 
এই সামিটের বিজ্ঞান ও গবেষণা কমিটির প্রধান সাঈদ আল জার্গেই কানাডিয়ান টেলিভিশন সিএনবিসিকে জানান, মঙ্গলের মাটিতে ৬ লাখ লোকের বসবাস উপযোগী এমন এক শহর নির্মাণের পরিকল্পনা চলছে যা হবে প্রায় শিকাগোর সম আয়তনের।
 
আর এই প্রেক্ষিতে আমিরাত ২০১৫ সালেই একটি প্রজেক্টে হাত দিয়েছে। যার উদ্দেশ্য ২০২১ সালের মধ্যেই মঙ্গলের মাটিতে পা রাখা। দ্য টাইমস অব ইসরাইল।
 
ইত্তেফাক/সেতু