সিদ্ধিরগঞ্জে আবাসিক হোটেল থেকে এক কাভার্ডভ্যান মালিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে বিক্রমপুর বোর্ডিং নামে ঐ হোটেল থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত ফরিদুল হাসানের (৫৮) গ্রামের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ি থানার রথি ভুঁইয়া বাড়ি এলাকায়। তার বাবার নাম আব্দুর রশিদ।
সিদ্ধিরগঞ্জ থানার এসআই মো. ইব্রাহিম পাটোয়ারী বলেন, ফরিদুল হাসান শুক্রবার রাতে তার কাভার্ডভ্যান শীতলক্ষ্যা সেতুর (কাঁচপুর সেতু) পূর্ব পাশে পার্ক করে সিদ্ধিরগঞ্জের শিমরাইলের বিক্রমপুর হোটেলে রাত্রি যাপন করেন। তিনি নিজেই চালক। হোটেলে থাকার বিষয়টি তিনি মোবাইল ফোনে তার পরিবারকে জানিয়েছিলেন।
রাত ১টার পর পরিবারের সদস্যরা তার মোবাইলে ফোন দেওয়ার পর তিনি আর রিসিভ করেননি। পরবর্তীতে শনিবার ভোরে তার ছেলে ইমন ও চাচাতো ভাই মাহফুজ হোটেলে এসে ম্যানেজারকে ছবি দেখায়। ম্যানেজার তাকে শনাক্ত করে হোটেলের ২২ নং কক্ষের সামনে যায়। তিনি দরজা না খোলায় হোটেলের ম্যানেজার পুলিশকে ঘটনাটি অবহিত করে। পরে সকাল ৮টায় পুলিশ কক্ষের দরজা ভেঙে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ হাসপাতাল মর্গে পাঠায়।
