এক টাকায় শাড়ি কিনতে মহিলাদের ভিড়, যান চলাচল বন্ধ

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৭, ২০:৪৪
'এক টাকায় শাড়ি' কিনতে একটি দোকানে মহিলাদের তীব্র হুড়োহুড়ি। বিজ্ঞাপন দেখেই ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের বারাণসীর মেহেমুরকুঞ্জে একটি দোকানে ভিড় জমিয়েছিলেন মহিলারা। আর তার জেরে অবরুদ্ধ হয়ে পড়ে ঐ এলাকার একটি রাস্তা। পরে পুলিশের চাপে এই অফার তুলে নেয় দোকান কর্তৃপক্ষ। 
 
দোকানে অবিক্রিত পুরানো মজুত শাড়ি বিক্রয়ের জন্য এই অফার দিয়েছিল দোকানটি। এই অফারের কথা আগুনের মতো ছড়িয়ে পড়ে। হাজার হাজার মহিলা দোকানটিতে চলে আসেন। এর ফলে মাহমুগঞ্জ-সিগ্রা রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়। দোকানের মালিক শেষপর্যন্ত অফারটি প্রত্যাহার করে নেন। পরে পুলিশ আগ্রহী ক্রেতাদের বুঝিয়ে ভিড় ফাঁকা করে। 
 
আসলে দোকানের পুরনো স্টক শেষ করার জন্য মাত্র এক টাকায় শাড়ি বিক্রি করার অফার দিয়েছিল বারাণসীর ওই দোকান। তবে তার জন্য একটা শর্তও আরোপ করা হয়েছিল। সেটি হল এর আগে অন্তত একবার হলেও সংশ্লিষ্ট দোকান থেকে ৫০০ টাকার জিনিস কিনতে হবে। তবেই পাওয়া যাবে এক টাকার শাড়ি।
 
কিন্তু সেই শর্তাবলী না জেনে শাড়ি কিনতে গিয়েছিলেন অনেকেই। পরে শর্তের বিষয়টি জানতে পেরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তার জেরে তৈরি হয় বিশৃঙ্খলা। অবশেষে পুলিশের চাপে অফারটি তুলতে বাধ্য হয় দোকান কর্তৃপক্ষ। জাগরণ।
 
ইত্তেফাক/সেতু