তিন মাস ভালো থাকেন ইকোপার্কের নারী শ্রমিকরা

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৭, ০১:৩২

নালিতাবাড়ীর গারো পাহাড়ের ‘মধুটিলা ইকোপার্ক’ এখন দর্শনার্থীদের পদভারে মুখর। আর এখানে দর্শনার্থীদের পানির সমস্যা সমাধানে যে নারী শ্রমিকরা সহায়তা করেন তারা বছরের তিন মাস ভালো থাকেন। বাকি সময়টা তাদের কাজ না থাকায় অনেক কষ্টে দিন কাটাতে হয়।

এখানে বেড়াতে আসা দর্শনার্থীরা বিড়ম্বনায় পড়েন পানির অভাবে। পার্কের ভেতর খাবার-দাবার বা রান্না করার মতো বিশুদ্ধ পানির ব্যবস্থা নেই। এর জন্য অবশ্য প্রধান ফটক দিয়ে প্রবেশ করার পরই রয়েছে একদল নারী শ্রমিক। ওরা দর্শনার্থীর আনন্দকে সহায়ক করতে হাজির হবেন। গাড়িপ্রতি পানি নিতে লাগবে তিন থেকে চারশ টাকা। ওই টাকায় প্রয়োজনীয় পানি ওরা সরবরাহ করবে।

আলোতারা বেগম, মনোয়ারা বেগম, মরিয়ম, আকলিমা, দিপাইন সাংমা, খোদেজা বেগম, ছায়েদা খাতুনসহ শতাধিকের ওপরে নারী দর্শনার্থীদের পানি সরবরাহ করে। তা থেকে যা আয় হয় তা দিয়ে ওরা নিজের সংসার চালায়। ছেলে-মেয়েদের লেখাপড়া করায়। ওই নারী শ্রমিকদের কারো স্বামী নেই, কেউবা স্বামী পরিক্ত্যতা। আবার কারো স্বামী অসুস্থ।

ডিসেম্বর থেকে মধ্য মার্চ পর্যন্ত এ সাড়ে তিন মাস তারা ভালোই রোজগার করেন। মনোয়ারা ও আলোতারা বেগম জানান, ‘এক সময় ইকোপার্কেই ভিতরেই আমগর বাড়ি আছিল। পার্ক বানাইবার সময় আমগরে উডাইয়া দিছে। এহন দুই-তিন মাস পার্কের পানি দিয়া মুটামুটি ভালোই চলি। পড়ে আর কাম-কাইজ থাহে না। সারাদিন পানি দিয়া  দেড়শ থাইক্কা পনে দুইশ টেকা পাই’।

ইত্তেফাক/নূহু