‘আর কোনো দাবি নাই, কুমিল্লার নামে বিভাগ চাই’ এই শ্লোগানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা-বাগুর বাস স্টেশনে মানববন্ধন করেছে কুমিল্লা উত্তর জেলা যুব সমাজ। গত শনিবার বিকাল সাড়ে ৩টায় চান্দিনা ও দেবিদ্বার উপজেলার সীমান্তবর্তী এলাকা চান্দিনা-বাগুর বাস স্টেশনে আয়োজিত ওই মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে অংশ নেয় রাজনৈতিক-সামাজিক ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
মানববন্ধনে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করে বক্তৃতা করেন কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক মামুনুর রশিদ সরকার, সদস্য লিটন সরকার, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক কমল বক্সী, রনবীর ঘোষ কিংকর, জাকির হোসেন, সাইফুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী একেএম কামরুজ্জামান শেখ, জসিম উদ্দিন, ইউপি মেম্বার কৃষ্ণপদ রায়, নজরুল ইসলাম মেম্বার, ইমতিয়াজ আহমেদ জাকির, বিল্লাল হোসেন বিশাল প্রমুখ।
বক্তারা বলেন, শিক্ষা-সংস্কৃতি ও ঐতিহ্যের পটভূমি পথিকৃত কুমিল্লা পন্ডিত শ্রীলভদ্রের কুমিল্লা, ভাষা সৈনিক ধীরেন্দ্রনাথের কুমিল্লা, নারী জাগরণের অগ্রদূত নবাব ফয়জুন্নেছার কুমিল্লা, বিদ্রোহী কবি কাজী নজরুলের কুমিল্লা। সুতরাং, কুমিল্লার স্মৃতি ও ঐতিহ্যকে ধরে রাখার জন্যই কুমিল্লা বিভাগ কুমিল্লা নামেই নামকরণ করতে হবে। অন্যথায় এই কুমিল্লাবাসী আন্দোলন অব্যাহত রাখবে।
ইত্তেফাক/নূহু
