হোমনা উপজেলায় এবার আলুর বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। আর এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকদের মুখে ফুটেছে হাসির ঝিলিক।
উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, উপজেলার নয়টি ইউনিয়নে ৪শ হেক্টর জমিতে চলতি বছর আলু চাষ করা হয়েছে। যার অনুমান উত্পাদন ধরা হয়েছে ৮ হাজার ৪শ টন। গত বছর ৩শ ৮০ হেক্টর জমিতে আলু চাষ করে উত্পাদন হয়েছিলো ৭ হাজার ২শ ৯৬ টন।
উপজেলার দড়িচর ব্লকের চাষি লাল মিয়া জানান, আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে গবেষণাকৃত আলু চাষে লাভবান হওয়া যায়। তিনি চলতি বছর ৪০ বিঘা জমিতে বেলিনি, এক্সটারিজ (লাল), ডায়মন্ড ও প্রদশর্নী প্লটে বুলু মিয়া জাতের আলু চাষ করেছেন। বিএডিসির মাধ্যমে সরকারিভাবে লোন হিসেবে বীজ, সার ও কীটনাশক পেয়েছেন। এবার আবহাওয়া অনুকূলে থাকায় এখন পর্যন্ত কোনো রোগ-বালাই বা মরক দেখা যায়নি। তাই বাম্পার ফলন আশা করছেন এবং খরচ বাদে ৪০ বিঘা জমিতে ১৫ লাখ টাকারও বেশি আয় হবে বলেও তিনি জানান।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. জুলফিকার আলী বলেন, সঠিক নিয়ম মেনে আলু চাষ করলে কৃষক অধিক লাভবান হয়। আমি উপজেলায় যোগদানের পর থেকে কৃষকদেরকে কৃষি কাজে উত্সাহ দিয়ে আসছি। যার ফলে প্রতিবছরই আলু, ভুট্টা, গম ও বোরোসহ বিভিন্ন ফসল চাষে কৃষকদের মাঝে আগ্রহ বাড়ছে। এবার আলু চাষে বাম্পার ফলনের মাধ্যমে লক্ষ্যমাত্রা অর্জন হবে।
ইত্তেফাক/নূহু
