কীর্তনখোলা নদীতে শনিবার রাত সোয়া ৯টায় একটি তেলবাহী ট্যাংকারের ইঞ্জিন বিস্ফোরণ হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ইঞ্জিন রুমে থাকা চার শ্রমিকসহ পাঁচজন আহত হয়েছেন। তাদেরকে শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হচ্ছেন- ট্যাংকার চালক শহীদুল (৫০), লস্কর আবু সুফিয়ান (২৪), গ্রিজ নাজমুল (৫০), গ্রিজ হুমায়ুন কবির (৫০) ও বাবুর্চি সানাউল্লাহ। এদের মধ্যে তিনজনকে আশংকাজনক অবস্থায় রাতেই ঢাকায় পাঠানো হয়েছে।
শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসাপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারী ইউনিটের রেজিস্ট্রার ডা. মো. শাহীন জানান, গুরুত্বর আহত তিনজনের মধ্যে নাজমুল ও হুমায়ুন কবিরের শ্বাসনালী পুড়ে গেছে এবং শহীদুলের বার্নের সঙ্গে হেড ইঞ্জুরি হওয়ায় তিনজনের অবস্থা আশংকাজনক। তাই তাদের ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/কাউছার
