সত্যি আগুন, মিথ্যা আগুন!

আপডেট : ৩১ মার্চ ২০১৯, ০০:৪৮

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যেমন সাম্প্রতিক সময়ে আগুন লাগার ঘটনা ঘটেছে, তেমনি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমেও পুরনো ছবি দিয়ে আগুন লাগার গুজব রটানো হচ্ছে। 

রাজধানীর ধানমন্ডিতে ১১ নম্বর সড়কে গতকাল শনিবার রাত ৮টা ২৪ মিনিটে একটি বাসার দ্বিতীয় তলায় আগুন লেগেছিল। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। তবে তার আগেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। মোহাম্মদপুর ফায়ার স্টেশনের টেলিফোন অপারেটর ফায়ারম্যান রোমান জানান,  সংবাদ পেয়ে ঘটনাস্থলে দুটি ইউনিট পাঠানো হয়ে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে বাসাটিতে আগুন লাগে। তবে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হওয়ার আগেই বাসার লোকজন আগুন নিভিয়ে ফেলেন।

তিনি আরও জানান, এই ভবনটিতে পৌঁছানোর সঙ্গে সঙ্গে তারা ধানমন্ডির ৫ নম্বর সড়কের ২২ নম্বর বাসাতেও আগুন লাগার খবর শুনতে পান। তবে সেখানে গিয়ে আগুন লাগার কোনও সত্যতা পাওয়া যায়নি।

ধানমন্ডি থানার ডিউটি অফিসার এসআই মো. শাহীন রাত সাড়ে ৮টার দিকে বলেন, একটু আগে ধানমন্ডি ১১/এ সড়কের ৬৩ নম্বর বাসায় আমরা আগুনের খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে।

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার মাহফুজ রিভেল বলেন, গতকাল রাত ৯টার দিকে মগবাজার আমবাগানে একটি বাসার আগুণ লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রম্নত ঘটনাস্থলে পৌছায়। কিন্ত্মু তার আগেই বাসার লোকজন আগুণ নিভিয়ে ফেলে। আগুনের সম্পর্কে তিনি বলেন, ওই বাসায় একটি শিশু লাইটার নিয়ে খেলছিল। এ সময় বাসার একটি ক্যালেন্ডারে আগুন লাগে। এ সময় কে বা কারা ৯৯৯ ফোন করে আগুন লাগার কথা জানায়।

ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা আরো বলেন, আগুন লাগার বেশ কিছু টেলিফোন আমরা পেয়েছি। ঘটনাস্থলে পৌছে আগুনের কোন সতত্যা পাওয়া যায়নি। তবে তিনি বলেন, রাত সোয়া ১০টার দিকে নরসিংদীর ইউএমসি মিলে আগুন লেগেছিল। তবে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট পৌছে দ্রম্নত আগুন নিভিয়ে ফেলে।