মুনমুনের হয়ে প্রচারে সুচিত্রা সেন!

আপডেট : ৩১ মার্চ ২০১৯, ০০:৪৮

এখনও তাঁর আকর্ষণ কমেনি একটুও। মেয়ে মুনমুন সেন পশ্চিমবঙ্গের আসানসোল কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী। সেখানে মেয়ের সমর্থনে প্রচারে অলিতে গলিতে নেমে পড়লেন সুচিত্রা সেন। হাজার হাজার ব্যানারে রয়েছেন সুচিত্রা সেন, সঙ্গে মেয়ে মুনমুনও। বাড়িতে বাড়িতে এ নিয়ে শুরু হয়েছে আলোচনা। মুনমুনের হাঁটাচলায় ‘আঁধি’র আরতীদেবীর সঙ্গে মিল পাচ্ছেন অনেকে। তফাত্ সেই ছবিতে সুচিত্রা সেনের চুল সামান্য পাকা ছিল। আর মুনমুন সেনের কুচকুচে চুল। তাতে মিল খুঁজে নিতে আটকাচ্ছে না কারও। নস্টালজিয়ায় ভাসছে আসানসোল।

এটাকেই উসকে দিতে চাইছেন স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতারা। পাঁচ বছর আগের মতো এবারেও মুনমুন সেনকে প্রচারে বলতে শোনা গিয়েছে, ‘আমি সুচিত্রা সেনের মেয়ে। আসানসোলে এসেও মায়ের আশীর্বাদ ও উপস্থিতি অনুভব করছি।’ মুনমুন সেনের সম্মতি নিয়ে তৈরি হয়েছে অভিনব সব ব্যানার, হোর্ডিং। জেলায় ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা প্রায় আড়াই লাখ। উত্তর ফাল্গুনীর মতো বাংলা ছবি তো আছেই, আছে দিলীপ কুমারের সঙ্গে প্রথম হিন্দি সিনেমা ‘দেবদাস’, দেব আনন্দের সঙ্গে ‘সরহদ’, ধর্মেন্দ্রর সঙ্গে ‘মমতা’, সঞ্জীব কুমারের সঙ্গে ‘আঁধি’র সুচিত্রা সেন। হিন্দি ছবিতে মহানায়িকাকে রাখা হয়েছে আসানসোলের হিন্দিভাষী ভোটারদের কথা মাথায় রেখে।