ভেনিজুয়েলার স্বঘোষিত প্রেসিডেন্টের স্ত্রীর সঙ্গে মেলানিয়া ট্রাম্পের বৈঠক

আপডেট : ৩১ মার্চ ২০১৯, ০০:৫৪

ভেনিজুয়েলার বিরোধী দলীয় নেতা ও স্বঘোষিত প্রেসিডেন্ট হুয়ান গুয়াইদোর স্ত্রী ফাবিয়ানা রোসালেসের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। গুয়াইদোকে জোরালো সমর্থনের উদ্যোগ হিসেবে যুক্তরাষ্ট্রের মার এ লাগোতে বৈঠক করেন মেলানিয়া। তিনি গুয়াইদোর স্ত্রী ফাবিয়ানা রোসালেসকে ভেনিজুয়েলার ফার্স্ট লেডি হিসেবে স্বীকৃতি দেন। তাদের বৈঠকের একটি ছবি হোয়াইট হাউস প্রকাশ করেছে। এদিকে ভেনিজুয়েলায় ত্রাণ সহায়তার প্রস্তুতি নিচ্ছে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান রেড ক্রিসেন্ট। সংস্থাটি জানিয়েছে, ছয় লাখ ৫০ হাজার লোকের মধ্যে খাবার এবং ঔষধ বিতরণ করা হবে। অন্যদিকে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন জানিয়েছেন, ভেনিজুয়েলার সঙ্গে যেসব বিদেশি কোম্পানি লেনদেন করছে তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি বিবেচনা করছেন প্রেসিডেন্ট ট্রাম্প। শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাত্কারে বোল্টন এই কথা বলেন। -রয়টার্স