নবাবগঞ্জে চুরি যাওয়া ৫৪ গ্যাস সিলিন্ডারসহ দুই পিকাপ উদ্ধার

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:০০
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ৫৪টি গ্যাস সিলিন্ডার ও চারটি ডাবল চুলাসহ দুইটি পিকাপ ভ্যান জব্দ করেছে পুলিশ।
 
শনিবার রাত দেড়টার দিকে উপজেলার দিঘীরপাড় এলাকা থেকে এসব মালামাল উদ্ধার করে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
 
পুলিশ জানায়, শনিবার গভীর রাতে উপজেলার শুরগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার মৌ এন্টারপ্রাইজের সাটারের তালা কেটে দুর্বৃত্তরা ৭৫টি গ্যাস সিলিন্ডার ও চারটি ডাবল চুলা নিয়ে পালিয়ে যায়। রাত দেড়টার দিকে পুলিশ একটি টহল দল দিঘীরপাড় মোড় এলাকায় তাদের গতিরোধ করে। এ সময় গাড়িতে থাকা দুর্বৃত্তরা দুইটি পিকাপভ্যানসহ মালামাল ফেলে পালিয়ে যায়। সকালে দোকান মালিক থানায় অভিযোগ জানাতে গেলে মালামাল উদ্ধারের বিষয়টি জানতে পারেন।
 
নবাবগঞ্জ থানার সেকেন্ড অফিসার শফিকুল ইসলাম সুমন জানান, বাকি গ্যাস সিলিন্ডার উদ্ধার ও জড়িতদের গ্রেফতারে চেষ্টা অব্যাহত রয়েছে।
 
ইত্তেফাক/সালেহ্