ভারতের যাবতীয় শক্তির জোগান দেবে চাঁদ। গবেষণা ঠিকঠাক এগোলে ২০৩০ সালের মধ্যেই শক্তির বিকল্প উৎস হয়ে উঠবে চাঁদের মাটি। গত শনিবার অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের একটি অনুষ্ঠানে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা- ইসরোর গবেষক শিবথানু পিল্লাই এ কথা জানিয়েছেন।
শিবথানু জানান, ‘চাঁদের মাটিতে প্রচুর পরিমাণে হিলিয়াম-৩ নামক পদার্থ রয়েছে। যা পৃথিবীতে থাকা হিলিয়াম-৩ এর চেয়ে কয়েক হাজার গুণ বেশি। শক্তির বিকল্প উৎস হিসেবে সেই হিলিয়াম-৩ কে যদি কাজে লাগানো যায়, তাহলে যে পরিমাণ শক্তি পাওয়া যাবে তাতে পুরো পৃথিবীর চাহিদার জোগান দেওয়া যাবে।’
চাঁদ থেকে শক্তির উৎস খোঁজার এই গবেষণা শুধু ইসরো-ই করছে না। শিবথানু জানিয়েছেন, বিশ্বের আরও কয়েকটি দেশ এ ধরনের গবেষণা চালাচ্ছে। তবে কীভাবে সেই হিলিয়ামকে কাজে লাগানো হবে সে বিষয়ে এখনই কিছু স্পষ্ট করেননি তিনি। এনডিটিভি।
ইত্তেফাক/সেতু
