মেলান্দহে দাঁত ভাঙ্গা ইস্পাত সেতু ভেঙে ট্রাক পানিতে

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:৩৮
জামালপুরের মেলান্দহ উপজেলার হাজরাবাড়ি পৌরসভা হয়ে মাদারগঞ্জ বিশ্ব রোডের দাঁতভাঙ্গা নদীর উপর ইস্পাত সেতু ভেঙ্গে গেছে। রবিবার দুপুর আড়াইটার দিকে একটি সিমেন্ট বোঝাই ট্রাক পারাপার কালে সেতুর পূর্বাংশ ভেঙ্গে যায়। এতে জামালপুর-মাদারগঞ্জ সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। রাস্তায় শত শত যান আটকা পড়ায় জনদুর্ভোগ বাড়ছে। সেতু ভাঙ্গার খবর পেয়ে মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা জন কেনেডি জাম্বিল, ওসি মাজহারুল করিম, ফুলকোচা ইউপি চেয়ারম্যান মমিনুল ইসলাম বাবুসহ ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থল পরিদর্শনে আসেন। ইতোমধ্যেই সড়ক ও জনপথ বিভাগ এবং ফায়ারসার্ভিসের দল উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছে। স্থানীয়দের সহায়তায় বিকল্প নৌপথে মানুষ পারাপার হচ্ছেন। 
 
প্রত্যক্ষদর্শী-পথচারীরা জানিয়েছেন, মাদারগঞ্জগামী সিমেন্ট বোঝাই ট্রাকটি সেতুর উপর ওঠার পরপরই ভেঙ্গে পড়ে। অল্পের জন্য চালক রক্ষা পেয়ে সটকে পড়েছে। 
 
ইউএনও জন কেনেডি জাম্বিল সাংবাদিকদের জানিয়েছেন, যেহেতু সেতুটি দীর্ঘ দিন যাবৎ ঝুঁকিপূর্ণ। সেই জন্য সেতুর উপর দিয়ে ৫ মে. টনের অধিক বোঝাই পারাপার না করার জন্য সতর্ক বার্তা ঝুলানো আছে। ট্রাকে অতিরিক্ত মালবোঝাই বহনের কারণেই সেতুটি ভেঙ্গে যেতে পারে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। কতদিনের মধ্যে সেতুটি চলাচল উপযোগি হতে পারে? এমন প্রশ্নে ইউএনও জানান, কমপক্ষে সাতদিন সময় লাগতে পারে। 
 
স্থানীয়রা জানিয়েছেন, কয়েক বছর আগেও একই কায়দায় সেতুটি ভেঙ্গে গেছে। কিন্তু কর্তৃপক্ষ সেতুটি ঝুঁকিমুক্ত করে নি। জোড়াতালি দেয়া ঝুঁকিপূর্ণ সেতুর দিয়ে ভারী যান চলাচল করছিল। নিরাপদ সেতু নির্মাণে কর্তৃপক্ষকের উদাসিনতাকে দায়ী করেছেন পথচারীরা।
 
ইত্তেফাক/মাহমুদুল ইসলাম