ধামরাইয়ে এমপি মালেকের সংবাদ সম্মেলন

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:২৭
আজ রবিবার ধামরাইয়ের স্থানীয় সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ মালেক উপজেলার ইসলামপুর ডাক বাংলায় সংবাদ সম্মেলন করেছেন। গণমাধ্যমে তাঁর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে তিনি এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। প্রকাশিত সংবাদে উল্লেখিত অভিযোগকে তিনি মিথ্যা বলে অভিহিত করেন এবং সাংবাদিকদের উপস্থিতিতে ওই সংবাদের তীব্র প্রতিবাদ জানান। 
 
তিনি সাবেক এমপি মুক্তিযোদ্ধা বেনজীর আহমদের নানা অনিয়ম ও দুর্নীতির কথা তুলে ধরেন। অর্থগ্রহণের কয়েকটি অভিযোগের বিষয়ে জনশ্রুতি রয়েছে বলে তিনি উল্লেখ করেন। তিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সাকু’র নানা অনিয়ম ও দুর্নীতির কথা তুলে ধরেন। বিএনপি সমর্থিত লোকজনের সাথে সাবেক এমপি’র সখ্যতা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। 
 
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমপি মালেক বলেন, আগে লিখিত ভাবে সাবেক এমপি’র এসব অনিয়ম ও দুর্নীতির কথা প্রশাসনকে জানানো হয়নি। তবে শিগগিরই প্রশাসনকে জানানো হবে। তিনি এক ঘণ্টারও বেশি সময় ধরে বক্তব্য রাখেন।
 
আওয়ামীলীগ নেতা সাবেক যুগ্ম সচিব আফসার উদ্দিন জিন্নাহ, সিআইপি আহমদ আল জামান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আকরাম হোসেন, ইউপি চেয়ারম্যান আহমদ হোসেন, সাহাবউদ্দিন, শাহাআলম, আব্দুল কাদের মোল্লা, মিজানুর রহমান, আলতাফ হোসেন, সামসুদ্দিন, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আবদুল গনি, পৌর যুব লীগের সভাপতি আমিনুর ইসলাম, অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, কয়েকজন কাউন্সিলর ও অন্যান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/মাহমুদুল ইসলাম