গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন রবিবার বিকেল ৫টা পর্যন্ত ৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
তারা হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা আহম্মেদ, জাতীয় পার্টি (এরশাদ) মনোনীত প্রার্থী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, জাতীয় পার্টি (জেপি) মনোনীত ওয়াহেদুজ্জামান সরকার বাদশা, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) মনোনীত মোহাম্মদ আলী প্রামানিক, ন্যাশনাল পিপলস পার্টির জিয়া জামান খাঁন, গণফ্রন্টের শরিফুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ (বীর প্রতীক), নওশের আলী ও ইঞ্জিনিয়ার মোস্তফা মহসিন।
সুন্দরগঞ্জ আসনের উপ-নির্বাচনের রিটানিং কর্মকর্তা রংপুর অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জিএম সাহাতাব উদ্দিন এসব তথ্য জানান,
তিনি জানান, এই উপনির্বাচনে অংশ নিতে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। কিন্তু তাদের মধ্যে জাতীয় পার্টির (এরশাদ) প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এম পি আব্দুল কাদের খান এবং আওয়ামী লীগ নেতা সুন্দরগঞ্জ পৌর মেয়র আব্দুল্লাহ আল মামুন তাদের মনোনয়পত্র জমা দেয়নি।
ঘোষিত তফশিল অনুযায়ি আগামী ২৩ ফেব্রুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে। ১ মার্চ প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন এবং ভোট গ্রহণ ২২ মার্চ।
প্রসঙ্গত, গত ৩১ ডিসেম্বর সন্ধ্যায় সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের উত্তর শাহাবাজ গ্রামের নিজ বাড়িতে দুর্বৃত্তদের গুলিতে সরকার দলীয় এমপি মঞ্জুরুল ইসলাম লিটন নিহত হন।
