শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ইভটিজিং এর জের ধরে এলাকাবাসীর সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে হয়েছে।
রবিবার সন্ধ্যায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ৮ থেকে ১০ জন আহত হয়।
ক্যাম্পাস সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের একটি দোকানে ফ্লেক্সিলোড করতে গেলে লিমন ও মোস্তাক নামে দুই বখাটে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে ইভটিজিং করে। বিষয়টি ওই শিক্ষার্থী তার পরিচিত কয়েকজনকে জানালে তারা লিমন ও মোস্তাকের সঙ্গে কথা বলতে যান। কথা বলার এক পর্যায়ে মোস্তাক এক শিক্ষার্থীকে শারীরিকভাবে লাঞ্ছিত করে ও গালিগালাজ করে। এক পর্যায়ে বিষয়টি হাতাহাতি ও সংঘর্ষে রুপ নেয়।
এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করেন। প্রায় ঘণ্টাখানেক সড়ক অবরোধ করলে এলাকাবাসী ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সেখান থেকে তাদের সরিয়ে দেয়। সংঘর্ষে উভয় পক্ষ থেকে ইট-পাটকেল নিক্ষেপ ও ককটেল ছোড়াছুড়ির ঘটনা ঘটে। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নেন। পরবর্তীতে এলাকাবাসী ককটেল ফোটালে পুলিশ বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট ও ফাঁকা গুলি ছুড়লে পিছু হটে এলাকাবাসী। এ সময় বিশ্ববিদ্যালয়ের ভিসি ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. মুনশী নাসের ইবনে আফজাল, ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে এলাকার প্রভাবশালী লোকদের সাথে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
ইত্তেফাক/উজ্জল
