পরীক্ষা শেষ করা হলো না নাঈমের

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৭, ২৩:৪৫

নাঈম দরিদ্র পরিবারের সন্তান। শিক্ষক ও সহপাঠীদের সহযোগিতায় পরীক্ষার প্রস্তুতিটা ভালভাবেই সেরেছিল। স্বপ্নটা বাস্তবায়নের দিকে এগুচ্ছিল ঠিকভাবে। ভালভাবে একে একে ৫টি পরীক্ষাও শেষ হলো তার। কিন্তু এরমধ্যে নাঈম খুব বেশী অসুস্থ হয়ে পড়ে। তাকে স্থানীয় চিকিৎসকের পরামর্শে ভর্তি করা হয় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে। কিন্তু কে জানতো নাঈমকে পাড়ি জমাতে হবে না ফেরার দেশে।

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নতুন মোহনপুর গ্রামের জজ মিয়ার ছেলে নাঈম দশানী-মোহনপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে পরীক্ষা দিচ্ছিল এসএসসি। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে শারীরিক পরীক্ষায় দেখা গেলো নাঈমের ব্লাড ক্যানসার। তাও আবার চুড়ান্ত পর্যায়ে। রোগ ধরা পড়ার অল্প সময়ের মধ্যে গত রবিবার রাতে নাঈম চলে গেলো না ফেরার দেশে।

দরিদ্র পরিবারের সন্তান এই নাঈম। তার সহপাঠীরা জানায়, দীর্ঘদিন যাবত অসুস্থ ছিল নাঈম। তার শরীরের সমস্যা দেখা দিলে নিজেই ফার্মেসী থেকে ঔষধ কিনে খেত। পরিবারের টাকার অভাব দেখে মা-বাবাকে জানায়নি কখনো।

নাঈমের অকাল মৃত্যুর সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ইত্তেফাক/নূহু