কাহালুতে বাসচাপায় পরীক্ষার্থীর মৃত্যু

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৭, ১১:২৪
বগুড়ার কাহালু উপজেলায় সড়ক দুর্ঘটনায় যাত্রীবাহী বাসের চাপায় হাদিসুর রহমান (১৫) নামে এক দাখিল পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। হাদিসুল বগুড়ার কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের ডোমরগ্রামের আব্দুল হামিদের ছেলে।
 
সোমবার সকালে উপজেলাধীন বগুড়া-দেওগ্রাম সড়কের ইন্দখুর বাজারের সামান্য আগে বোলধর নামক স্থানে এ ঘটনা ঘটে।
 
পুলিশ জানায়,  সকাল নয়টার দিকে দাখিল পরীক্ষার্থী হাদিসুর বাইসাইকেলে করে পরীক্ষা কেন্দ্র যাচ্ছিল। উপজেলাধীন ওই সড়কের বোলধর নামক স্থানে যাত্রীবাহী একটি বাসের চাপায় ঘটনাস্থলেই সাইকেল আরোহী সাদিকুর রহমানের মৃত্যু হয়।
 
পুলিশ জানায়, ঘটনার পরপরই ওই বাসটিকে রানিরহাট বাজার এলাকায় জব্দ করা হয়েছে।
 
এদিকে ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা বোলধর এলাকায় গাছের ডাল কেটে ব্যারিকেড দিয়ে বগুড়া-দেওগ্রাম সড়ক অবরোধ করে রেখেছে। এ সড়কে সবধরনের যান চলাচল সকাল থেকে বন্ধ রয়েছে।
 
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/সালেহ্