‌‘এ সরকারের অধীনেই গুচ্ছ গ্রামের উন্নয়ন হয়েছে’

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:৪৫
 
প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মরত মহাপরিচালক (যুগ্নসচিব) তোফাজ্জল হোসেন বলেছেন, বর্তমান সরকারের চেষ্টায় গুচ্ছ গ্রাম ও আশ্রয় কেন্দ্রের উন্নয়ন করা হয়। 
 
আজ সোমবার সকালে বাঘা উপজেলার মহদীপুর গুচ্ছ গ্রামের ৪১টি পরিবারের সঙ্গে সরকারি কর্মকর্তা জনপ্রতিনিধি ও স্থানীয় ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 
 
বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় তোফাজ্জল হোসেন আরো বলেন, বর্তমান সরকার গ্রামকে প্রাধান্য দিয়েছে। এ ক্ষেত্রে যাদের জমি নেই, তাদের কথা ভেবে প্রতি উপজেলায় সরকারি খাস জমিতে বসবাসের সুযোগ করে দিয়েছে। আরো কিছু মানুষের জন্য বসবাসের সুযোগ করা হবে।
 
তিনি গুচ্ছ গ্রামবাসীদের উদ্দেশ্যে বলেন, আপনাদের সেবা দেয়া আমাদের লক্ষ্য। 
 
তিনি গুচ্ছ গ্রামের শিশুদের লেখা-পড়ার বিষয়ে সবচেয়ে বেশি সতর্ক থাকাসহ পশু পালন এবং প্রত্যেকের কর্ম সংস্থানের বিষয়ে গুরুত্ব আরোপ করেন। 
 
অপর দিকে, গুচ্ছ গ্রামবাসীদের প্রধান তিনটি সমস্যা- রাস্তা পাকাকরণ, বিদ্যুৎ সরবরাহ এবং একটি ক্যানেল (খাল) ভরাটের মধ্যে প্রথম দুইটিকে এক মাসের মধ্যে নিরসনের প্রত্যয় ব্যক্ত করেন। অপরটি খাল ভরাটের বিষয়ে উপজেলা প্রকল্প কর্মকর্তাকে দ্রুত প্রস্তাব পাঠানোর নির্দেশ দেন। সবশেষে তিনি ৭টি পরিবারের মধ্যে এক বান্ডেল করে ঢেউটিন এবং ৪১টি পরিবারের মধ্যে একটি করে কম্বল বিতরণ করেন। 
 
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- বাঘা উপজেলা ভাইস চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফি, চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী আশরাফ, পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বেগম, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) নাকিব হাসান, বাঘা উপজেলা নারী ভাইস চেয়ারম্যান ফারহানা রুমি, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সিরাজুল ইসলাম, কৃষি কর্মকর্তা সাবিনা বেগম, বাঘা পল্লী বিদ্যুতের জোনাল ম্যানেজার মাজহারুল ইসলাম ও মনিগ্রাম ইউপি চেয়ারম্যান আকবর হোসেন। 
 
ইত্তেফাক/কাউছার