নোয়াখালীতে বিএনপির একপক্ষের অভিনন্দন আরেকপক্ষের ঝাড়ুমিছিল

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:৫৯
কেন্দ্রীয় কমিটি কর্তৃক নোয়াখালী জেলা বিএনপির সভাপতি পদে অ্যাডভোকেট আবদুর রহমান ও সাধারণ সম্পাদক পদে মাহবুব আলমগীর আলোকে দিয়ে নতুন কমিটি ঘোষণা করায় সোমবার দুপুরে নোয়াখালীর সেনবাগ পৌর শহরে নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে এক পক্ষের আনন্দ মিছিল ও নতুন কমিটিকে প্রত্যাখান করে আরেক পক্ষের ঝাড়ু মিছিল করেছে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। দীর্ঘদিন পর সেনবাগ পৌর শহরে বিএনপির দু’ পক্ষের পাল্টাপাল্টি মিছিল নিয়ে উত্তেজনা দেখা দিয়েছে। 
 
নব গঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে সোমবার দুপুর দেড়টার দিকে সেনবাগ উপজেলা পরিষদের সামনে থেকে নব গঠিত কমিটি ১নং যুগ্ম সম্পাদক আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের করে।
পরে মিছিলটি সেনবাগ পৌর-শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শেষে শহরের দক্ষিণ বাজার বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে এক পথসভা অনুষ্ঠিত হয়। সভায় নব গঠিত কমিটির ১নং যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন বক্তব্য রাখেন। তিনি তার বক্তব্যে সদ্য ঘোষিত জেলা কমিটিকে অভিনন্দন জানান।
 
অপর দিকে,  কেন্দ্রীয় কমিটি কর্তৃক ঘোষিত জেলা কমিটিকে প্রত্যাখ্যান করে সোমবার দুপুর পৌণে ২টার দিকে সেনবাগ পৌর বিএনপির সভাপতি জহিরুল ইসলাম লিটনের নেতৃত্বে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মী একটি ঝাড়ু মিছিল শহরের বিএনপির কার্যালয় থেকে বের করে। পরে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এক পথ সভায় মিলিত হয়। সভায় পৌর বিএনপির সভাপতি জহিরুল ইসলাম লিটনসহ অন্যান্য দলীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এসময় তারা ঘোষিত নতুন কমিটি বাতিলের দাবি জানিয়ে বিভিন্ন শ্লোগান দেয়।
 
ইত্তেফাক/মাহমুদুল ইসলাম