বটিয়াঘাটায় অর্ধশতাধিক স্কুলে কলাগাছ দিয়ে তৈরি হয় শহীদ মিনার

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:৩৭
উপজেলায় অর্ধশতাধিক প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার না থাাকায় কলা গাছ দিয়ে তৈরি শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান একুশে ফেব্রুয়ারি পালন উপলক্ষ্যে উপজেলা প্রশাসন প্রস্তুতি গ্রহণ করলেও এসব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের ব্যবস্থা নেই। প্রতি বছর এ ভাবেই ছাত্র ছাত্রীরা কলা গাছ দিয়ে অস্থায়ী ভাবে তৈরি করে শহীদ মিনার। ভোরে সেখানেই ছাত্র ছাত্রীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। প্রতি বছর স্কুল পরিচালনা কমিটি বিভিন্ন খাতে মোটা অংকের অর্থ ব্যয় করলেও শহীদ মিনার তৈরির প্রতি কোন আগ্রহ নেই। স্কুলের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকরাও এ ব্যপারে উদাসিন। তারা অনেকেই এ দিনে স্কুলে উপস্থিত থাকেন না। 
 
উপজেলা প্রাথমিক স্কুল শিক্ষা কর্মকর্তা কামরুল আলম বলেন, তার উপজেলায় মোট ১১৫টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। ৫১টি স্কুলে শহীদ মিনার না থাকলেও কলা গাছ দিয়ে শহীদ মিনার তৈরি করে শ্রদ্ধার সঙ্গে দিবসটি পালন করা হয়। উপজেলা সদরের প্রায় সব স্কুলগুলোতে শহীদ মিনার রয়েছে। তবে সুরখালী, ভান্ডারকোট, বালিয়াডাঙ্গা, আমীরপুর ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের স্কুলে শহীদ মিনার নেই।
 
ইত্তেফাক/মাহমুদুল ইসলাম