গতবছরের ৫ ফেব্রুয়ারি বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক থেকে বিপুল পরিমান টাকা পাচার হয়ে যাওয়ার ঘটনাকে বিশ্বের ‘বৃহত্তম ব্যাংক ডাকাতি’ উল্লেখ করেছে নিউইয়র্কস্থ বিশ্বব্যাপী টাকা পাচার ও অর্থনৈতিক অপরাধের বিরুদ্ধে কর্মরত বেসরকারি সংস্থা ইন্টারন্যাশনাল কমিটি এগেইনস্ট ফিনান্সিয়াল ক্রাইমস (আইসিএএফসি)।
এই ঘটনার বছরপূর্তি উপলক্ষে দিনটিকে জাতিসংঘের উদ্যোগে ‘আন্তর্জাতিক ব্যাংকিং নিরাপত্তা দিবস’ ঘোষণার দাবি জানিয়েছে সংস্থাটি। দাবির সমর্থনে সম্প্রতি সংস্থাটির পক্ষে থেকে জাতিসংঘ মহাসচিব এন্টোনিও গুটেরেস বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে। স্মারকলিপিতে পাচারকৃত টাকা উদ্ধারে বাংলাদেশ সরকারের অসহায়ত্ব ও ব্যর্থতার কথা তুলে ধরে এ বিষয়ে বাংলাদেশ সরকারকে জাতিসংঘের পক্ষ থেকে যথাযথ সহযোগিতা প্রদানের আহ্বান জানানো হয়েছে। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকে সংগঠিত ইতিহাসের সর্ববৃহত্ টাকা পাচারের ঘটনার ধরন, ঘটনা তদন্তে বাংলাদেশ সরকার কর্তৃক নিযুক্ত যুক্তরাষ্ট্রভিত্তিক দুটি আইটি প্রতিষ্ঠানের বক্তব্য, যুক্তরাষ্ট্রের এফবিআই কর্তৃক তদন্তের পর মিডিয়াকে প্রদত্ত বক্তব্য, নিউ ইয়র্ক ফেডারেল রিজার্ভ ব্যাংকের ব্যাখ্যা স্বারকলিপিতে উল্লেখ করা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে যথাযথা আইনি ব্যবস্থা না নিলে ভবিষ্যতে যে কোনো সময় এ ধরনের আরো সাইবার হামলার আশঙ্কা রয়েছে বলে ব্যাংকিং নিরাপত্তা বিষয়ক প্রযুক্তি সংস্থা সুইফটের বক্তব্যসহ এ পর্যন্ত বাংলাদেশ সরকার কর্তৃক পাচারকৃত টাকা উদ্ধারে গৃহীত সকল পদক্ষেপের বর্ণনা রয়েছে স্বারকলিপিতে। জাতিসংঘ মহাসচিব বরাবরে স্মারকলিপি দাখিলের পরপর নিউইয়র্কের জ্যাকসন হাইটসে আইসিএএফসি'র পক্ষ থেকে বাংলাভাষী মিডিয়ার জন্য আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য প্রকাশ করা হয়। আইসিএএফসিএ'র প্রেসিডেন্ট সৈয়দ ওয়ালিউল আলম এবং নির্বাহী পরিচালক ইমরান আনসারীর উপস্থিতিতে সমবেত মিডিয়াকে ব্রিফিং করেন সংস্থাটির অন্যতম পরিচালক ও মুখপাত্র কাউসার মুমিন।
ইত্তেফাক/মণ্ডল
