গ্রেফতার ও চার্জশিট এড়াতে টাকা দিতে হচ্ছে: নজরুল ইসলাম খান

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:২৭
 
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বিএনপির হাজার হাজার নেতাকর্মী মিথ্যা মামলায় হয়রানি হচ্ছে। প্রতিদিন প্রতিনিয়ত হাজিরা দিতে হচ্ছে, আবার জেলে যেতে হচ্ছে। জমিজমা বিক্রি করে টাকা দিতে হচ্ছে, যাতে গ্রেফতার না হতে হয় কিংবা মামলার চার্জশিট না হয়।
 
সোমবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় আয়োজিত মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সারওয়ার আজম খানের স্মরণে শোকসভা ও মিলাদ মাহফিলের আয়োজন করে কে এম ওবায়দুর রহমান স্মৃতি সংসদ।
 
নজরুল ইসলাম খান বলেন, আমাদের দলের নেতাকর্মীদের মধ্যে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। অনেকে হঠাত্ স্ট্রোক বা হার্ট অ্যাটাকে মারা যাচ্ছেন। নেতাকর্মীরা এই যে গুম, খুন, মিথ্যা মামলা, হয়রানির শিকার হচ্ছে দীর্ঘদিন ধরে বাড়িতে যেতে পারছে না, ব্যবসা বাণিজ্য করতে পারছে না, এমনকি আমাদের তরুণ ছেলে মেয়েরা কলেজ বিশ্ববিদ্যালয়ে যেতে পারছে না-এই কষ্টগুলো যারা বিবেক দিয়ে যতবেশি অনুভব করছেন তারাই বেশি অসুস্থ হয়ে পড়ছেন। আর এর জন্য মূলত দায়ি হলো একটা নিপীড়নকারী, অত্যাচারী সরকার আমাদের দেশে আছে।
 

ইত্তেফাক/মণ্ডল