ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ জনগণের উন্নয়নের রাজনীতি, না সন্ত্রাসের রাজনীতি করতে চান। তিনি বলেন, আমি যেখানেই সমাবেশ আহ্বান করি, যেখানেই উন্নয়নমূলক কর্মকাণ্ডের উদ্বোধনে যাই, উনি সেখানে নানা কায়দায় প্রশাসনকে ব্যবহার করে ১৪৪ ধারা জারি করেন। এই পর্যন্ত ৪/৫ বার উনি একইভাবে আমার পূর্ব নির্ধারিত সমাবেশ স্থলে ১৪৪ ধারা জারি করেছেন। আমার প্রতি জনগণের ভালবাসা দেখে উনি দিশেহারা হয়ে গেছেন। উনি আমার জনগণকে গুলি করে মারার হুমকিও দিচ্ছেন।
সোমবার বিকেলে ভাঙ্গায় নিজ বাড়িতে উপজেলা চেয়ারম্যান শাহাদাৎ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, গত ৩৫ বছরে এই ফরিদপুর ৪ আসনে যে উন্নয়ন হয়েছে, তারও কয়েকগুণ উন্নয়ন আমি নির্বাচিত হওয়ার পরে প্রধানমন্ত্রীর নির্দেশনায় বাস্তবায়ন করেছি। তিনি এসময় তার নির্বাচনী এলাকা সদরপুরে সাংবাদিকের উপর কাজী জাফরউল্লাহ’র সমর্থকদের নগ্ন হামলার নিন্দা জানিয়ে দ্রুত প্রশাসনের কাছে এই ঘটনার বিচার দাবি করেন।
তিনি বলেন, ফরিদপুর-৪ আসনের জনগণ তাকে বিপুল ভোটে বিজয়ী করে তাদের প্রতিনিধি করেছেন। তাদের ভোটের মূল্যায়ন করে আমার সাধ্যমত উন্নয়ন করেছি এবং এই ধারাবাহিকতা অব্যহত থাকবে। তিনি অভিযোগ করেন, কাজী জাফরউল্লাহ আমার উন্নয়ন ও জনপ্রিয়তা দেখে আমার কর্মী সমর্থকদের নানা ভাবে ভয় ভীতি, হুমকি প্রদর্শন করছে।
উপজেলা চেয়ারম্যান শাহাদাৎ হোসেন বলেন, আমরা যখন সাংসদ নিক্সন চৌধুরীর নেতৃত্বে প্রধানমন্ত্রীর স্বপ্নকে বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছি ঠিক তখনই কাজী জাফরউল্লাহ উন্নয়নের ধারাকে ব্যাহত করতে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে। তিনি সদরপুরে সাংবাদিক নির্যাতনের ঘটনায় মামলা হলেও এখনো কেউ গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। IMG0
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে আওয়ামী লীগ নেতা এ্যাপোলো নওরোজ, পারভেজ আহমেদ, মামুন খন্দকার, সাবেক ছাত্রলীগ নেতা লাভলু মুন্সী, সদরপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুল মজিদ, বোয়ালমারী প্রেসক্লাবের সভাপতি রিজাউল হক, চরভদ্রাসন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শিমুল, ভাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রমজান শিকদার, শিবচর প্রেসক্লাবের সম্পাদক প্রদ্যুত কুমারসহ ফরিদপুরে কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে ফরিদপুরে দৈনিক ইত্তেফাক পরিবারের পক্ষ থেকে সংসদ সদস্য নিক্সন চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় সদরপুর প্রেসক্লাব এর পক্ষ থেকে নেতৃবৃন্দ উন্নয়নের রূপকার ঘোষিত ক্রেস্ট তুলে দেন।
ইত্তেফাক/মাহমুদুল ইসলাম
